ড্রোন হামলা চালিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যা চেষ্টা করা হয়েছিল বলে গুরুতর অভিযোগ তুলল মস্কো। আর এই হামলা চালানোর চেষ্টা করেছিল ইউক্রেন। এক রাশিয়ান কর্মকর্তা দাবি করেছেন, পুতিনের হেলিকপ্টারের ফ্লাইট পাথের দিকে এগিয়ে আসা একটি ড্রোন শনাক্ত করা হয়েছিল এবং রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী তাৎক্ষণিকভাবে তা নিষ্ক্রিয় করে দেয়।এনডিটিভি এই খবর প্রকাশ করেছে।
কবে হয়েছিল এই হামলার চেষ্টা? পুতিন গত সপ্তাহে কুর্স্কে গিয়েছিলেন, যা মার্চ মাসের পর তার প্রথম সফর। রাশিয়ান সামরিক কর্তা দাবি করেছেন, ২০ মে কুর্স্ক অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলার ‘এপিসেন্টারে’ পুতিনের হেলিকপ্টার ছিল। রাশিয়ান নিউজ এজেন্সি আরবিসির তথ্য অনুযায়ী রাশিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিটের কমান্ডার ইউরি দাশকিন জানিয়েছেন, প্রেসিডেন্টের ফ্লাইট পাথে পৌঁছানোর আগেই রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি শনাক্ত করে ধ্বংস করে দেয়।
ওই কমান্ডার সংবাদ সংস্থাকে জানান যে ২০ থেকে ২২ মে পর্যন্ত ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার ওপর ব্যাপক ড্রোন হামলা চালানো হয়।এর মধ্যে সেদেশের বিমান প্রতিরক্ষা বাহিনী ১,১৭০টি ড্রোন ‘ধ্বংস’ করেছে। তিনি বলেন, ২০ মে পুতিনের কুর্স্ক সফরের সময় ইউক্রেনের পক্ষ থেকে একটি ‘অভূতপূর্ব হামলা’ চালানো হয়, যেখানে বিমান প্রতিরক্ষা বাহিনী ৪৬টি ড্রোন গুলি করে নামিয়ে ফেলে।
দাশকিন আরও জানান যে তারা আকাশযুদ্ধে জড়িয়ে পড়েন এবং প্রেসিডেন্টের হেলিকপ্টারের নিরাপত্তা নিশ্চিত করেন। পুতিনের হেলিকপ্টার ‘কার্যত এই ব্যাপক ড্রোন হামলার প্রতিক্রিয়ার এপিসেন্টারে ছিল।’
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম রাশিয়ার কুর্স্ক ভূখণ্ডে বিদেশী সেনার আক্রমণ হয় ২০২৪ সালের আগস্টে। ইউক্রেন কুর্স্ক ওব্লাস্টে সীমান্ত পেরিয়ে অভিযান চালায়।এরপর থেকে ইউক্রেনীয় বাহিনী এই অঞ্চলের কিছু অংশ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল। তবে, ২৫ মার্চ রাশিয়া একটি বড় আকারের পাল্টা আক্রমণ শুরু করে, যাতে উত্তর কোরিয়ার বাহিনীও সহায়তা করেছিল বলে জানা গেছে, এবং ইউক্রেনীয় সেনাদের পিছু হটতে বাধ্য করে। এর পরেই এই অঞ্চলে ড্রোন আক্রমণের খবর প্রকাশ্যে এল।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
