কাশ্মীরের পর্যটনে আস্থা ফেরাতে পহেলগামে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ মন্ত্রিসভার বৈঠক করলেন। কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৫ জন পর্যটক ও এক স্থানীয় নাগরিকের মৃত্যুর ঘটনার পরে পর্যটনশিল্পে প্রবল ধাক্কা লাগে। সেই আতঙ্ক কাটিয়ে পর্যটকদের আস্থা ফিরিয়ে আনতে এবার প্রশাসনিক স্তরে বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। মঙ্গলবার মুখ্যমন্ত্রী নিজে পহেলগামে মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন, সঙ্গে ছিলেন মুখ্যসচিব অতল দুল্লু এবং রাজ্যের উচ্চপদস্থ পুলিশ-প্রশাসনিক কর্তারা।
ওমর আবদুল্লাহ জানান, এই ধরনের বৈঠক শুধু প্রতীকী নয়, বাস্তব অভিজ্ঞতা ও তথ্য জানার মাধ্যমও। তিনি বলেন, আমরা যদি না যাই, তাহলে আর কে যাবে? প্রশাসনের এক উদ্যোগে মূল উদ্দেশ্য দু’টি,এক, ওই অঞ্চলের বাস্তব পরিস্থিতি সম্পর্কে সরাসরি জানার চেষ্টা, এবং দুই, স্থানীয় মানুষ ও পর্যটন শিল্পের সঙ্গে যুক্তদের মধ্যে আস্থা গড়ে তোলা।
বুধবার একইরকম আরেকটি বৈঠক হবে উত্তর কাশ্মীরের গুলমার্গে। পর্যটকদের প্রিয় এই জায়গাগুলো বর্তমানে প্রায় ফাঁকা, কারণ ঘটনার পর প্রায় ৯০ শতাংশ বুকিং বাতিল হয়েছে বলে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্ট মহল। মুখ্যমন্ত্রী এই পরিস্থিতিতে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছেন সম্প্রতি দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকে। তিনি প্রস্তাব দিয়েছেন, সংসদের পরামর্শদাতা কমিটি, স্ট্যান্ডিং কমিটি ও সরকারি সংস্থাগুলির বৈঠকও যেন জম্মু-কাশ্মীরে হয়, যাতে রাজ্যের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মনে ভরসা ফেরে।
কাশ্মীরের ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রউফ ত্রাম্বু এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শুধু প্রতীকী পদক্ষেপ নয়, কিছু বাস্তব পদক্ষেপ নিতে হবে। তাঁর মতে, যেসব জায়গা বন্ধ করে রাখা হয়েছে, সেগুলো আবার খুলে দেওয়া এবং নিরাপদ ট্রেকিং রুটগুলো চালু করাই এখন মূল কাজ।
