গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পাহেলগামে জঙ্গি হামলায় ২৬ নিরীহ মানুষের প্রাণহানির প্রেক্ষিতে ভারত শুরু করে ‘অপারেশন সিঁদুর’। এই অভিযানের তাৎপর্যপূর্ণ লোগোটি ডিজাইন করেন ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল হর্ষ গুপ্তা ও হাবিলদার সুরিন্দর সিংহ।
সেনাবাহিনীর মুখপত্র ‘বাতচিত’ পত্রিকার মে সংখ্যায় প্রকাশ পেয়েছে ‘অপারেশন সিঁদুর’-এর লোগো। তাতে দেখা যাচ্ছে একটি ছোট্ট সিঁদুরের কৌটো প্রথম ‘O’ অক্ষর হিসেবে, আর দ্বিতীয় ‘O’-এর চারপাশে ছড়ানো রয়েছে লাল সিঁদুর। এটি শহিদদের স্ত্রীর নিঃসঙ্গতা ও জাতির সম্মিলিত শোকের প্রতীক।
ঘটনার তীব্রতা, জাতীয় আবেগ, ও সেনার দৃঢ়চেতা প্রতিক্রিয়া, সব মিলিয়ে অপারেশন সিঁদুর আজ জাতীয় চেতনার অংশ। সেনাবাহিনী প্রকাশিত ছবিতে দেখা যায়, সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী গভীর রাতে মনিটর করছেন গোটা অভিযান।সেনার মতে, এই লোগো শুধু একটি প্রতীক নয়, এটি নারী যোদ্ধাদের স্তব্ধ যন্ত্রণার একটি ভিজ্যুয়াল রূপ, যা জাতির হৃদয়ে গেঁথে থাকবে চিরকাল।
