রাজ্যসভার পথে পা বাড়াতে চলেছেন অভিনেতা তথা ‘মক্কাল নিধি মাইয়াম’ বা এমএনএম প্রধান কমল হাসান। তামিলনাড়ুতে ক্ষমতাসীন ডিএমকের সঙ্গে জোটে গিয়েছে কমলের দল। তার জেরেই রাজ্যসভায় যেতে চলেছেন কমল।
আগামী ১৯ জুন দেশের আটটি রাজ্যসভা আসনের ভোট। এর মধ্যে ছ’টি আসন তামিলনাড়ু থেকে এবং বাকি দুটি অসমে। সম্প্রতি ডিএমকে জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে এমএনএম। সূত্রের খবর, সেই সময় কমল হাসানকে দু’টি বিকল্প দেওয়া হয়। এক, লোকসভা নির্বাচন লড়া অথবা একটি রাজ্যসভার সদস্যপদ। জানা গিয়েছে, লোকসভার লড়াই থেকে নিজেকে সরিয়ে রেখে, রাজ্যসভা বেছে নিয়েছেন ৭০ বছর বয়সী এই অভিনেতা-রাজনীতিবিদ।
২০১৮ সালে ডিএমকে এবং এআইএডিএমকে-র মতো দ্রাবিড় রাজনীতির মূলধারার দলগুলির বিকল্প হিসেবে ‘মক্কাল নিধি মাইয়াম’ প্রতিষ্ঠা করেছিলেন কমল। কিন্তু রাজনীতির পাকেচক্রে ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে তিনি নিজেই ডিএমকে-র পাশে দাঁড়ান। যদিও নিজের এই রাজনৈতিক অবস্থানের কারণে ব্যাখ্যা করতে গিয়ে কমল বলেন, “এটা ব্যক্তিগত লাভের জন্য নয়, বরং জাতীয় স্বার্থে এই সিদ্ধান্ত।” চলতি বছরের শুরুতে এমএনএম-র অষ্টম প্রতিষ্ঠা দিবসে কমল আভাস দিয়েছিলেন সংসদে প্রবেশের। তিনি বলেছিলেন, “এ বছর আমাদের কণ্ঠস্বর সংসদে পৌঁছাবে। আগামী বছর তোমাদের কণ্ঠস্বর শোনা যাবে বিধানসভায়।”
আগামী ২৫ জুলাই তামিলনাড়ুর ছ’জন বর্তমান রাজ্যসভার সাংসদের মেয়াদ শেষ হচ্ছে। ডিএমকে-র ১৩৪ জন বিধায়ক। ফলে চারটি আসন নিশ্চিত। বাকি দু’টি এআইএডিএমকে-বিজেপি জোটের দখলে থাকতে চলেছে। কমলের এই সিদ্ধান্তের ফলে শুধু তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নতুন মোড় নিল তাই নয়, বরং দক্ষিণ ভারতের রাজনৈতিক মানচিত্রে লেখা হচ্ছে এক নতুন অধ্যায়।
