ইরানে গিয়ে অপহৃত তিন ভারতী যুবক। গত ১০ দিনের বেশি সময় ধরে এই তিনজনের খোঁজ মিলছে না বলে খবর। যদিও তেহরানে ভারতীয় দূতাবাসের তরফে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় ইরানের প্রশাসনকেও এই বিষয়ে চাপ দেওয়া হচ্ছে বলে খবর। অন্যদিকে নিখোঁজ তিন পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে বলেও দূতাবাসের তরফে জানা গিয়েছে। কীভাবে তিন যুবক তেহরানে গিয়ে নিখোঁজ হলেন তা এখনও স্পষ্ট নয়।
জানা যাচ্ছে, তিনজন যুবক পাঞ্জাবের সাঙ্গুর, হোশিয়ারপুর এবং এসবিএস নগরের বাসিন্দা। তাঁদের নাম হুশনপ্রীত সিং, যশপাল সিং এবং অমৃতপাল সিং। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবরে দাবি, নিখোঁজ তিন যুবকের অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল। এজেন্টের মাধ্যমে তাঁদের সেখানে যাওয়ার কথা ছিল। দুবাই-ইরান রুট ধরে অস্ট্রেলিয়া পৌঁছানোর কথা ছিল। ইরানে নেমে থাকা এবং খাওয়ার ব্যবস্থাও ওই এজেন্ট করবে বলে কথা দিয়েছিল। কিন্তু গত ১ মে তেহরানে পৌঁছনোর পর থেকেই খোঁজ মিলছে না তিন যুবকের।
আর এরপরেই সে দেশে ভারতীয় দূতাবাসের সঙ্গে পরিবার যোগাযোগ করে। পরিবারের দাবি, ইরানে পৌঁছনোর পরেই তিনজনকেই অপহরণ করা হয়েছে। এমনকী এক কোটি টাকা মুক্তিপণও দাবি করা হয়েছে বলে অভিযোগ। আর তা দেওয়া না হলে খুন করা হবে বলেও অপহরণকারীরা হুমকি দিয়েছে বলে অভিযোগ পরিবারের। শুধু তাই নয়, তিনজনের হাত পা বাঁধা অবস্থায় ছবি পর্যন্ত পরিবারের কাছে পাঠানো হয়ছে বলে খবর।
অন্যদিকে তেহরানে ভারতীয় দূতাবাসের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে এই ঘটনা নিয়ে ইরানের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সুস্থ অবস্থায় দ্রুত তাঁদের ফেরানো সম্ভব হয়, সেই বার্তাও সে দেশের প্রশাসনকে দেওয়া হয়েছে। ওই বার্তায় আরও দাবি, নিখোঁজ তিন যুবককে উদ্ধারে সবরকম চেষ্টা চালাচ্ছে ভারতীয় দূতাবাস। একই সঙ্গে পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। সবরকম তথ্য দেওয়া হচ্ছে পরিবারকেও।
অন্যদিকে ওই সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, বিদেশমন্ত্রকের তরফেও পুরো ঘটনার উপর নজর রাখা হচ্ছে।
