চেয়ার বাঁচাতে পাক সেনাপ্রধান এবং ফিল্ড মার্শাল আসিম মুনীর প্ল্যান করে পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ঘটিয়েছে। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক প্রাক্তন এক পাকসেনা আধিকারিক। তাঁর দাবি,পাকিস্তানের মাটিতে আসিম মুনীরকে নিয়ে প্রবল অসন্তোষ তৈরি হয়েছে। আর তা থেকে নজর ঘোরানোটাও পরিকল্পনার অন্যতম অংশ ছিল বলেও দাবি ওই আধিকারিকের।
ইন্ডিয়া টিভি-কে দেওয়া সাক্ষাৎকারে পাকসেনার প্রাক্তন মেজর আদিল রাজার দাবি, পহেলগাঁও হামলার অন্যতম প্রধানচক্রী আসিম মুনীরই। শুধু তাই নয়, পাকিস্তান সেনার আরও চার থেকে পাঁচজন শীর্ষ আধিকারিকও পুরো ষড়যন্ত্রের জড়িত বলেও সাক্ষাৎকারে দাবি। এমনকী এর পিছনে পাক গুপ্তচর সংস্থা আইএসআই’য়েরও বড় ভূমিকা আছে। প্রাক্তন সেনাকর্তার দাবি, ওই সমস্ত সেনা আধিকারিকের নাম এখন প্রকাশ্যেও চলে এসেছে। কিন্তু এরপরেও ফিল্ড মার্শাল হিসাবে আসিম মুনীর যেভাবে পদোন্নতি হয়েছে তা নিয়েও তীব্র তোপ দাগেন।
একইসঙ্গে পাকিস্তান কীভাবে জঙ্গি কার্যকলাপে মদত দেয়, তা নিয়েও সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন আদিল রাজা। আর এর পিছনে সেনা এবং আইএসআই কীভাবে যুক্ত সেই তথ্যও দেন তিনি। রাজার বক্তব্য থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে জঙ্গি হামলায় সরাসরি হাত ছিল পাকিস্তানের। সরাসরি যোগ ছিল আসিম মুনীরের।
রাজা আরও ফাঁস করে দিয়েছেন যে পাক সেনা সরাসরি জঙ্গিদের সমর্থন করেছে। পাকিস্তানের হ্যান্ডলারদের মাধ্যমেই কাশ্মীরে হামলা করা হয়েছে। আর পাক সেনার যোগ নিয়ে তো আর কোনও সন্দেহই থাকল না। পহেলগাঁও হামলার পিছনেও কার্যত মাস্টারমাইন্ড ছিলেন পাক সেনা প্রধান।
ভারত যে বারবার বলেছে পাক যোগের কথা, সেটাই প্রমাণ হয়ে গেল এবার। আর সে সব ফাঁস করলেন অন্য কেউ নয়, খোদ পাকিস্তান সেনার প্রাক্তন অফিসার।
