প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফর চলাকালীনই রাজ্যের প্রাপ্য টাকা কবে দেওয়া হবে, তা নিয়ে চাপ বাড়ানো শুরু করল রাজ্যের শাসক দল তৃণমূল। প্রধানমন্ত্রী মোদী উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে সরকারি সফরে এসে গ্যাস প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে জনসভা করবেন। তার আগেই ভার্চুয়াল ময়দানের দখল নিতে ঝাঁপিয়েছে তৃণমূল।
বৃহস্পতিবার সকাল থেকেই ‘এসেছেন যখন জানিয়ে যান’ হ্যাশট্যাগে রাজ্যের প্রাপ্য নিয়ে নানা পোস্ট করতে থাকে তৃণমূল। নেতা-নেত্রীরাও নেমে পড়েন। দাবি করা হয়, বিভিন্ন খাতে এখন রাজ্য কেন্দ্রের মোদী সরকারের কাছে মোট কত টাকা পায়। কবে সেই বকেয়া টাকা রাজ্যকে দেবেন? আলিপুরদুয়ারের সভা থেকে মোদী যেন তা জানিয়ে যান, তার দাবি তুলেছেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা। ফলে মোদীর সফরের মাঝেই রাজ্য বনাম কেন্দ্রের আর্থিক টানাপোড়েন ঘিরে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। তৃণমূলের অভিযোগ, রাজ্যের প্রাপ্য ১.৭ লক্ষ কোটি টাকা কেন্দ্র ইচ্ছাকৃত ভাবে আটকে রেখেছে। মোদীর সফরের প্রাক্কালে এই দাবি সামনে এনে দল কার্যত চাপ বাড়াল প্রধানমন্ত্রীর ওপর। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের অভিযোগ, প্রধানমন্ত্রী রাজ্যে এসে উন্নয়নের কথা বললেও, পশ্চিমবঙ্গের প্রাপ্য ১.৭ লক্ষ কোটি টাকা এখনও কেন্দ্রের কাছে আটকে আছে । তিনি প্রশ্ন তুলেছেন, রাজ্যের টাকা কোথায়? মোদীজি কি খালি হাতে এসেছেন? সাংসদ সাগরিকা ঘোষ কেন্দ্রের আচরণকে ‘প্রতিহিংসাপরায়ণ’ বলে তুলে ধরেছেন। তাঁর বক্তব্য, বাংলার সঙ্গে দ্বিতীয় শ্রেণির রাজ্যের মতো ব্যবহার করা হচ্ছে।
রাজনৈতিক মহলের বিশ্লেষণ, লোকসভা ভোটের আগে মোদীর এই সফর একটি রাজনৈতিক মঞ্চ। আর সেই মঞ্চেই রাজ্যের বঞ্চনার ইস্যু সামনে এনে তৃণমূল কার্যত কেন্দ্রীয় সরকারকে চাপে রাখার কৌশল নিয়েছে। সব মিলিয়ে, মোদীর সফর ঘিরে নতুন করে যুযুধান তৃণমূল এবং বিজেপি।
