ভারতের রাজকীয় বিয়ের আনন্দ এ বার নিউ ইয়র্কের ব্যস্ততম ওয়াল স্ট্রিটে! সম্প্রতি নিউ ইয়র্কের বিখ্যাত ওয়াল স্ট্রিটে ৪০০ জন আত্মীয় স্বজনদের নিয়ে এক বিশাল বরযাত্রী নিয়ে যাওয়ার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ইন্টারনেটে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে সেই ৪০০ জন বরযাত্রী নিয়ে যাওয়ার দৃশ্য। এমন দৃশ্য শুধু নিউ ইয়র্কের পথচারীদের জন্যই নয়, সারা বিশ্বের নেটিজেনদের নজর কেড়েছে।
নেট দুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, রঙিন ভারতীয় পোশাকে সেজে শত শত মানুষ ডিজে আর বাদ্য যন্ত্রের তালে নেচে-গেয়ে মাতিয়ে তুলছেন লোয়ার ম্যানহাটনের রাস্তাঘাট। বিয়ের আকর্ষণ ছিলেন বর-কনে। কনের পরণে লাল লেহেঙ্গা, আর সোনালি বেজ শেরওয়ানিতে সেজেছিলেন বর। আর পেছনে দণ্ডায়মান নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের ভবন এবং ঝকঝকে স্কাইস্ক্র্যাপার। সে যেন এক অদ্ভুত দৃশ্য!
এই রাজকীয় বিয়েতে পারফর্ম করেছেন ডিজে এ.জে। একটি ইনস্টাগ্রাম পোস্টে তিনি লেখেন,”আমরা ৪০০ জনের বরযাত্রী সঙ্গে নিয়ে বন্ধ করে দিলাম ওয়াল স্ট্রিট! কেউ কি কখনও ভাবতে পেরেছিল যে, এমন কিছু হতে পারে? এ যেন এক বারের জন্য হলেও জীবনে রূপকথার অভিজ্ঞতা!” মহা ধুমধাম করে রাজকীয় বিয়েতে বরযাত্রীর বহর দেখে তাজ্জব বনে গিয়েছে নেটপাড়া।
ভিডিয়োর কমেন্ট বক্স ভরেছে নানা ধরনের মন্তব্যে। এক ব্যক্তি কমেন্ট সেকশনে লিখলেন,”যে ব্যক্তি প্রতিটা পার্টিতে গ্লাস সিলিং ভাঙে, এ বার সে নিজেই ওয়াল স্ট্রিটকে একটা বিরাট ডান্স ফ্লোর বানিয়ে দিল!” আরও এক জন মজা করে লেখেন, “৪৫০ জন অতিথি! কখনও না শেষ হওয়া বরযাত্রী!” তৃতীয় এক জন তো অবাক হয়ে বলেন, “এম্পায়ার স্টেট অফ মাইন্ড-এর ঢোল ভার্সন শুনব কোনও দিন ভাবিনি!”
