পহেলগাঁও জঙ্গি হামলার এক মাস পেরিয়ে গিয়েছে! কিন্তু এখনও পর্যন্ত কাউকে ধরা সম্ভব হয়নি। অপারেশন সিঁদুর নিয়ে বিজেপি নেতারা দেশ জুড়ে প্রচার করলেও এই বিষয়ে একেবারে স্পিকটি নট! আর এই বিষয়কে হাতিয়ার করেই বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তাঁর কটাক্ষ, কোনও দিন শুনবেন পহেলগাঁও হামলায় জড়িত জঙ্গিরা বিজেপিতে যোগ দিয়েছে। শিবসেনা নেতার এহেন মন্তব্য ঘিরেই জাতীয় রাজনীতিতে বিতর্কের ঝড় উঠেছে।
সেনাবাহিনীকে অপমান করা হচ্ছে বলে সরব বিজেপি। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে নৃশংস ভাবে ২৬ পর্যটককে খুন করা হয়। সেই ঘটনায় একাধিক জঙ্গির ছবি প্রকাশ করলেও কাউকে ধরা সম্ভব হয়নি। স্বভাবতই প্রশ্ন উঠছে, ঘটনায় অভিযুক্ত জঙ্গিরা পাকিস্তানে পালিয়েছে? আর এহেন জল্পনার মধ্যেই কার্যত বিস্ফোরক মন্তব্য ঠাকরে ঘনিষ্ঠ নেতার। তাঁর দাবি, হতেই পারে জঙ্গিরা বিজেপিতে যোগ দিয়ে দিয়েছে। আর সেই কারণেই ধরা সম্ভব হচ্ছে না।
এখানে শেষ নয়, সঞ্জয় রাউতের কথায়, একদিন দেখবেন বিজেপি অফিস থেকে প্রেস নোটও দেওয়া হচ্ছে যেখানে বলা হবে যে ওই ছয়জন বিজেপিতে যোগ দিয়ে দিয়েছে। আর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর বিতর্ক। কড়া ভাষায় উদ্ধব ঠাকরে শিবিরকে আক্রমণ শানিয়েছে বিজেপি। বিজেপি নেতা রাম কাদেম এহেন মন্তব্য হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন। এই ধরনের মন্তব্য করে সেনাবাহিনীকে অপমান করা হচ্ছে। হতাশা থেকেই এহেন মন্তব্য বলেও দাবি বিজেপি নেতার।
