ভারত পাকিস্তান সংঘাত নিয়ে আলোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট পুতিন। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সংঘাত এখনও থামেনি। উলটে দু’দেশের মধ্যে পরিস্থিতি উদ্বেগজনক জায়গায় পৌঁছেছে। এর মধ্যেই বিশ্বের একাধিক ইস্যুকে সামনে রেখে আলোচনা সারলেন ট্রাম্প এবং পুতিন। ফোনে দীর্ঘক্ষণ দুজনের মধ্যে কথা হয়। আর সেখানে ভারত এবং পাকিস্তানের মধ্যে চলা সংঘাত নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ক্রেমলিনের এক আধিকারিক।
রাশিয়ার সংবাদসংস্থা তাসকে উদ্ধৃত করে সর্বভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, ওই আধিকারিক জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের সমস্যাগুলিকে নিয়ে তো বটে, ভারত এবং পাকিস্তানের মধ্যে যেভাবে সামরিক সংঘাত ঘটেছে তা নিয়েও ট্রাম্প এবং পুতিন আলোচনা করেছেন। যদিও ঠিক কী নিয়ে দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে চর্চা হয়েছে সে বিষয়ে স্পষ্ট করেননি ক্রেমলিনের ওই আধিকারিক।
জানা যায়, ট্রাম্প এবং পুতিনের মধ্যে এক ঘণ্টা ১৫ মিনিট কথা হয়েছে। বলে রাখা প্রয়োজন, জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় ২৬ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়। আর এহেন ঘটনার বদলা নিতেই পাকিস্তানের মাটিতে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারত। পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের মধ্যে থাকা ৯ টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। আর এই ঘটনার পরেই পাল্টা ভারতে হামলা চালায় পাকিস্তান। চলে ড্রোন এবং মিসাইল হামলা। যদিও ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা সহজেই ধ্বংস করে। এর পাল্টা জবাবে পাকিস্তানের একাধিক পাক বায়ুসেনা ঘাঁটিকে টার্গেট করে।
এক রিপোর্ট অনুযায়ী, ভারতের প্রত্যাঘাতে ছটি যুদ্ধবিমান, দুটি নজরদারি বিমান সহ ব্যাপক ক্ষতি হয়। যদিও ভারত এবং পাকিস্তান সংঘাত থামানোর ক্ষেত্রে নিজের কৃতিত্ব দাবি করে আসছেন ট্রাম্প। দুই দেশের সঙ্গে আলোচনার কারণেই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে বলে দাবি তাঁর। যদিও ভারতের তরফে এহেন দাবি উড়িয়ে দেওয়া হয়েছে। স্পষত জানানো হয়েছে ডিজিএমও স্তরে আলোচনার পরেই ভারত-পাক সংঘর্ষ বিরতি সম্ভব হয়েছে। আর এর মধ্যেই এই ইস্যুতে পুতিন এবং ট্রাম্পের মধ্যে চর্চা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
