পহেলগাঁও জঙ্গি হামলার পরই অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারতীয় সেনা। পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। আর এরপরেই জইশ-ই-মহম্মদের সদর দফতরে তালা ঝুলল! পাকিস্তানে বাহাওয়ালপুরে এই দফতর। সেখানকার ‘জামিয়া মসজিদ সুভান আল্লাহ’ মসজিদের আড়ালেই চলত জঙ্গিদের বিশেষ ট্রেনিং ক্যাম্প। গত ২২ এপ্রিলের বদলা নিতে সেই ক্যাম্পকে টার্গেট করে ভারতীয় সেনা।
ব্যাপক ক্ষতি হয় এই মসজিদের। ভারতীয় সেনার এই অপারেশনের পরই পাকাপাকিভাবে বন্ধ ওই মসজিদ, গুগল ম্যাপে দেওয়া তথ্য ও স্যাটেলাইট চিত্রে এমনটাই দাবি। বলে রাখা প্রয়োজন, জইশের সদর দফতর হিসেবে পরিচিত বাহাওয়ালপুর ভারতীয় সীমান্ত থেকে অন্তত ১০০ কিলোমিটার দূরে। গত ৬ মে এবং ৭ মে’র রাতে সেখানেই আঘাত করে ভারত। একেবারে পরিকল্পনা করে ‘জামিয়া মসজিদ সুভান আল্লাহ’ মসজিদে আঘাত করা হয়।
মিসাইল এবং ড্রোনের সাহায্যে চলে সেই অভিযান। ধ্বংসস্তূপে পরিণত হয় ‘জঙ্গি তৈরির কারখানা’। সেনার প্রকাশ করা স্যাটেলাইট ছবিতে তা স্পষ্ট ধরা পড়ে। দেখা যায়, মসজিদে একাধিক বড় গর্ত হয়েছে। ভেঙে পড়ে বেশ কয়েকটি পিলারও। আর এরপরেই গুগলের তরফে ওই এলাকাকে “Permanently Closed” বলে দাবি করা হয়েছে।
কিন্তু গুগল কখন একটা জায়গাকে বন্ধ বলে ম্যাপে চিহ্নিত করে?
ক্রেতাদের ফিডব্যাক, মালিকের আপডেট সব দেখে তবেই ‘বন্ধ’ বলে ম্যাপে চিহ্নিত করা হয়। এছাড়া স্বয়ংক্রিয় প্রক্রিয়াও কাজ করে এক্ষেত্রে। গুগলের কোনও ব্যবহারকারী একটি নির্দিষ্ট জায়গাকে স্থায়ীভাবে বন্ধ বলে এডিট করার পরামর্শ দিতে পারে। যদি একাধিক ব্যবহারকারী একটি জায়গাকে বন্ধ বলে উল্লেখ করে, তখন গুগল সেটা খতিয়ে দেখে ও জায়গাটি বন্ধ কি না, তা নিশ্চিত করে তবেই ম্যাপের পরিবর্তন করে।
উল্লেখ্য, এ ক্ষেত্রে মালিকের আপডেটকেও গুরুত্ব দেয় গুগল। ব্যবসায়ী বা দোকানের মালিক স্থায়ী বা অস্থায়ীভাবে বন্ধ বলে জানাতে পারে। এছাড়া অনেক সিগন্যাল খতিয়ে দেখে গুগল। মানুষের যাতায়াত, অনলাইনে কার্যকলাপ ধরা হয়। থার্ড পার্টির থেকেও ডেটা নেওয়া হয়। পাশাপাশি স্ট্রিট ভিউ ইমেজারি তো আছেই। বলে রাখা প্রয়োজন, জইশ-ই-মহম্মদের প্রতিষ্ঠাতা মাসুদ আজহার ঘনিষ্ঠরা ওই মসজিদে ছিল। ফলে সেনার অভিযানে ১৩ জনের মৃত্যু হয়। যার মধ্যে ১০ জন মাসুদের পরিবারের বলে দাবি।
Leave a comment
Leave a comment
