যিনি এক সময় গঙ্গায় ডুবতে থাকা বহু মানুষকে প্রাণে বাঁচিয়েছেন, সেই সাঁতারু সুরেন্দ্র সাহানিই এ বার গঙ্গার জলে তলিয়ে গেলেন। ঘটনায় শোক ও স্তব্ধতা নেমে এসেছে চুঁচুড়ার বড়বাজার এলাকায়।
শনিবার সকালে প্রতিদিনের মতো দৌড় শেষ করে গঙ্গার ঘাটে স্নান করতে যান ৫০ বছর বয়সি সুরেন্দ্র সাহানি। সকাল ৯টা নাগাদ গঙ্গায় নামার কিছুক্ষণের মধ্যেই আচমকা তলিয়ে যান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে চুঁচুড়া থানার পুলিশ, ডুবুরি দল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে তল্লাশি শুরু করে।
ঘটনায় বিস্মিত স্থানীয় বাসিন্দারা। বহু বছর ধরে গঙ্গায় দক্ষ সাঁতারু হিসেবে পরিচিত ছিলেন সুরেন্দ্র। অনেককে ডুবে যাওয়া থেকে তিনি নিজে হাতে বাঁচিয়েছেন বলেও জানিয়েছেন স্থানীয়রা।
সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত বলেন, “হয়তো জলেই অসুস্থ হয়ে পড়েছিলেন। ওর হাইপ্রেশারের সমস্যা ছিল।”
চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, “যাঁরা লোককে বাঁচান, তাঁরাই যদি জলে তলিয়ে যান, সেটা নিয়তিরই খেলা।”
সুরেন্দ্রর পরিবারে নেমেছে কান্নার রোল। তাঁর মেয়ের বিয়ে ঠিক হয়েছিল আগামী নভেম্বর মাসে। কাউন্সিলার মিতা চট্টোপাধ্যায় জানান, “শুক্রবারই নাকি লজ বুক করেছিলেন সুরেন্দ্রবাবু। এক মুহূর্তে সব কিছু পাল্টে গেল।”
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
