মোদী সরকারের ১১ বছরের সাফল্য নিয়ে প্রচার করতে নির্বাচনমুখী রাজ্যগুলিতে বিশেষ নজর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এবার নির্বাচন হতে চলা রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম। পশ্চিমবঙ্গে বিজেপির প্রচারের দায়িত্বে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। তিনি পশ্চিমবঙ্গে দলের সাংগঠনিক রণকৌশল ঠিক করা এবং দলের কর্মসূচিগুলিকে কার্যকর করার দায়িত্বে থাকবেন।
আগামী ১০ এবং ১১ তারিখ বিজেপির শীর্ষ নেতৃত্বকে নিয়ে প্রচারসূচির বৈঠক হতে চলেছে কোলকাতায়। বিকশিত ভারতের লক্ষ্যে মোদী সরকার কীভাবে বিভিন্ন ক্ষেত্রকে উন্নত করেছে, অর্থনৈতিক পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে দেশকে আন্তর্জাতিক ক্ষেত্রে আরও প্রগতির পথে নিয়ে গেছে, শিল্প ক্ষেত্রে এবং শিক্ষা ক্ষেত্রে উন্নতি করেছে, এমন যাবতীয় সাফল্যকে তুলে ধরে প্রায় ১ মাস ব্যাপী প্রচার চালানোর লক্ষ্য নিয়েছে বিজেপি। মানুষের কাছে বিভিন্নভাবে সে সাফল্যের বার্তা পৌঁছে দেওয়া হবে, বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে প্রচার সূচি বানানো হবে। কেন্দ্রীয় বঞ্চনার যে সব অভিযোগ তুলে রাজ্য সরকার কেন্দ্রকে আক্রমণ করে, তার জবাব দিতে নানা কর্মসূচি ঠিক করে নির্বাচনের আগে কেন্দ্রীয় মন্ত্রীদের পথে নামানোর পরিকল্পনা করেছে বিজেপি।
আসলে বারবার অভিযোগ ওঠে ধর্মের কথা বলেই ভোট টানে বিজেপি। ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে ভর করেই তাদের এই রাজনীতির পথ চলা। এই সব অভিযোগের মোকাবিলা করতেই ২৬ এর ভোটের আগে পাল্টা কর্মসূচি গ্রহণ করে কেন্দ্রীয় মন্ত্রীদের পথে নামানোর পরিকল্পনা নিয়েছে বিজেপি। তৃণমূল কংগ্রেস এর সরকার রাজ্যের মানুষের সামনে উন্নয়ন ও তাদের সরকারের কাজের খতিয়ান তুলে ধরে কাজ এর ফিরিস্তি দিয়ে ভোট বৈতরণী পার হতে চায়। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপিও পথে নেমেই মোকাবিলা করতে চায় রাজ্য সরকারের আনা নানা অভিযোগের জবাব দিয়ে। পাশাপাশি, ভোটারদের কাছে বিকল্প সরকার হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করতে রাজ্যের তৃণমূল সরকারের ‘ব্যর্থতা’ ও ‘দুর্নীতি’কেও প্রচারে তুলে ধরার পরিকল্পনা করছে বিজেপি।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
