মোহনবাগান ক্লাব নির্বাচন ঘিরে শুরু হওয়া উত্তাপ কমার পথে। নির্বাচনের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। যুযুধান দুই পক্ষ আলোচনা করে আপসের পথে হেঁটেছেন। এর ফলে, সোমবার সচিব পদে মনোনয়ন জমা দিলেন সৃঞ্জয় বসু। পাশে আগাগোড়া দাঁড়িয়ে দু’দিন আগে পর্যন্ত সৃঞ্জয়ের সঙ্গে টক্কর নেওয়া বর্তমান সচিব দেবাশিস দত্ত। সমাজমাধ্যমে তৃণমূল নেতা কুণাল ঘোষের দাবি, ভোট হবে না। সৃঞ্জয় হবেন সচিব আর দেবাশিস সভাপতি।
ঘোষিত তালিকায় দেখা যাচ্ছে, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি হিসেবে মনোনয়ন পেয়েছেন সত্যজিৎ চ্যাটার্জি। ক্লাবের আর্থিক দিক সামলাতে ট্রেজারার পদে রয়েছেন সন্দীপন ব্যানার্জি এবং ফিনান্স সেক্রেটারির দায়িত্বে রয়েছেন সুরজিত বসু।
এ বারও খেলার বিভিন্ন বিভাগের জন্য আলাদা করে সচিবেরা রয়েছেন। ফুটবল সচিব পদের জন্য মনোনয়ন দিয়েছেন স্বপন বন্দ্যোপাধ্যায়, ক্রিকেট সচিব সম্রাট ভৌমিক, হকিতে শ্যামল মিত্র, অ্যাথলেটিকসে পিন্টু বিশ্বাস, টেনিসে সিদ্ধার্থ রায় এবং যুব ফুটবলে প্রাক্তন ফুটবলার শিলটন পালকে রাখা হয়েছে। প্যানেলে ২২ জন এক্সিকিউটিভ সদস্য হিসেবে রয়েছেন, মুকুল সিনহা, সোহিনী মিত্র চৌবে, সোমেশ্বর বাগুই, কাশিনাথ দাস, দেবপ্রসাদ মুখার্জি, সুদীপ ঘোষ, রঞ্জন বসু, অনুপম সাহু প্রমুখ।
ক’দিন আগে পর্যন্ত এক সময়ের অভিন্নহৃদয় বন্ধু সৃঞ্জয় এবং দেবাশিস ছিলেন লড়াইয়ের ময়দানে। রাজ্য জুড়ে চলছিল সভা। চলছিল একে অপরকে আক্রমণ-পাল্টা আক্রমণ। যা এক সময় মাত্রা ছাড়ায়। সূত্রের খবর, যা চোখ এড়ায়নি রাজ্যের মুখ্যমন্ত্রীর। একটি সূত্রের দাবি, এর পরেই মুখ্যমন্ত্রী কাদা ছোড়াছুড়ি এড়াতে সৃঞ্জয়কে সচিব এবং দেবাশিসকে সভাপতি করার বার্তা পাঠান। দেখা যাচ্ছে, সেই ফর্মুলাতেই চলেছেন দু’জন। সৃঞ্জয় এবং তাঁর প্যানেল নির্বাচিত হয়ে গেলে তারা দেবাশিসকে সভাপতি বেছে নেবে বলেই দাবি কুনালের।
