দেশি-বিদেশি খানা খেতে যারা ভালবাসেন তাদের জন্য সুখবর। ভারতে প্রথম বিপণি খুলতে চলেছে আমেরিকার বিখ্যাত পিৎজা চেইন ‘লিটল সিজারস’। সংস্থা সূত্রে খবর, এই মাসেই রাজধানী দিল্লিতে প্রথম দোকানটি খুলতে চলেছে। রয়টার্স সূত্রে খবর, তার পর দেশের বিভিন্ন জায়গায় এক ডজন দোকান খোলার পরিকল্পনা রয়েছে এই মার্কিন সংস্থার।
ভারতে ইদানীং পিৎজা বিক্রি বেড়েছে বিপুল। ২০২৪ সালে দেশের পিৎজা মার্কেটের আয়তন ছিল ৪৫ হাজার কোটি টাকারও বেশি। আগামিদিনে সেই বহর আরও বাড়বে। পরিসংখ্যানবিদের দাবি, আগামী ৯-১০ বছরের মধ্যে বাজার দ্বিগুণেরও বেশি বাড়বে। এই সুযোগ ছাড়তে রাজি নয় পরিবারচালিত বিশ্বের সর্ববৃহৎ পিৎজা চেইন। ভারতে ইতিমধ্যেই বাজার ধরে ফেলেছে ডমিনোজ বা পিৎজা হাটের মতো সংস্থা। এ ছাড়াও রয়েছে স্থানীয় পিৎজা নির্মাতারা। কঠিন এই প্রতিযোগিতার বাজারে টিকে থাকা অত্যন্ত কঠিন। পাপা জনের মতো বিশ্ববিখ্যাত ব্র্যান্ড প্রতিযোগিতায় টিকতে না পেরে ২০১৭ সালেই দেশ ছেড়ে চলে যায়। কিন্তু ভারতের ক্রমবর্ধমান বাজারকে অস্বীকারও করতে পারছে না তারা। শোনা যাচ্ছে, এই বছর শেষ হওয়ার আগে তারা আবার ভারতে ব্যবসা শুরু করতে চায়। এ ক্ষেত্রে ‘লিটল সিজারস’ কী রকম বাজার ধরতে পারে, তা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞেরা।
১৯৫৯ সালে মিশিগানের ডেট্রয়েটে পথ চলা শুরু করে ‘লিটল সিজারস’। প্রতিষ্ঠাতা মাইক এবং মারিয়ান ইলিচ। ক্রমশ, গরম-গরম পিৎজা বিক্রি করে জনপ্রিয় হয়ে ওঠে ওই পারিবারিক ব্যবসা। আমেরিকায় ব্যবসা যত সফল হয়, ইলিচ পরিবার নজর দেয় ইউরোপের দিকে। এ ভাবেই দুনিয়ার তৃতীয় বৃহত্তম পিৎজা চেইন হয়ে ওঠে তারা। এর আগে বিশ্বের ২৯টি দেশে বিপণি খুলেছে ‘লিটল সিজারস’। ৩০ তম দেশ হিসেবে তারা ভারতে পা রাখছে। ভারতের বিশাল সংখ্যক নিরামিষাশীদের কথা মাথায় রেখে ‘লিটল সিজারস’ মেনুতেও আনছে নতুনত্ব।
