শাহরুখ খানের স্বপ্নের বাড়ি ‘মান্নাত’-এর নবনির্মাণের কাজ চলছে জোরকদমে। এই সময় আপাতত তাদের বাসস্থান পরিবর্তন করেছে খান পরিবার। এরই মাঝে উঠে এল একটি আকর্ষণীয় তথ্য। মুম্বইয়ের পালি হিল এলাকায় কর্মচারীদের জন্য একটি বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া নিয়েছেন শাহরুখ খানের স্ত্রী এবং খ্যাতনামা ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খান। জানা গেছে, ‘পঙ্কজ প্রিমাইস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’-এ অবস্থিত ৭২৫ বর্গফুটের একটি ২ বিএইচকে অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়া হয়েছে মাসিক ১.৩৫ লক্ষ টাকায়। ফ্ল্যাটটিতে রয়েছে একটি হল, একটি রান্নাঘর, দুটি শোবার ঘর ও দুটি শৌচাগার। এই চুক্তি তিন বছরের, যার মেয়াদ ১০ এপ্রিল ২০২৫ থেকে শুরু হয়ে চলবে ৯ এপ্রিল ২০২৮ পর্যন্ত। রেজিস্ট্রেশন হয়েছে ১৪ মে ২০২৫ তারিখে। সিকিউরিটি ফি বাবদ জমা পড়েছে ৪.০৫ লক্ষ টাকা এবং প্রতি বছর ভাড়ায় ৫ শতাংশ বৃদ্ধির শর্তও রাখা হয়েছে বলে খবর।
অন্যদিকে, খান পরিবার আপাতত বাস করছে পালি হিলের ‘পূজা কাসা’ নামক একটি বিলাসবহুল আবাসনে, যেখানে রয়েছে দুটি বিশাল ডুপ্লেক্স ফ্ল্যাট, সম্মিলিত আয়তন প্রায় ১০,৫০০ বর্গফুট। আগামী তিন বছর এই বাড়িতেই থাকবেন শাহরুখ, গৌরী, সুহানা, আরিয়ান এবং আব্রাম।
এদিকে, গুঞ্জন রয়েছে যে মান্নাতের উপর আরও দুটি তলা যুক্ত হতে পারে। তাতে আরও রাজকীয় হয়ে উঠবে মান্নাত। ২০২৩ সালে গৌরী খানের বই প্রকাশ অনুষ্ঠানে শাহরুখ এক আবেগঘন বক্তব্যে জানান, “আমরা যখন এই বাড়ি কিনি, তখন তা আমাদের সাধ্যের বাইরে ছিল। দিল্লির ছেলে হিসেবে বাংলোতেই অভ্যস্ত ছিলাম, কিন্তু মুম্বইয়ে অ্যাপার্টমেন্টও খুব ব্যয়বহুল। তখন গৌরীকে বলি, তুমি তো একটু আর্টিস্টিক, তুমি ইন্টেরিয়র ডিজাইন করো।” সেই সময় থেকেই গৌরীর ডিজাইনের যাত্রা শুরু হয়। বিভিন্ন দেশ ঘুরে ঘুরে ছোট ছোট জিনিস কেনা, সামান্য টাকা জমিয়ে আসবাবপত্র সংগ্রহ করা, এইভাবেই গড়ে ওঠে ‘মান্নাত’।
