ট্রেনে চেপে রবি ঠাকুরের শান্তিনিকেতনে পৌঁছলেন ভারতে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত জু ফেইহং। বিশ্বভারতীতে করলেন রাত্রিবাসও। সোমবার সকালে হাওড়া স্টেশন থেকে ট্রেনে চেপে শান্তিনিকেতন রওনা দেন জু ফেইহং। দুদিনের জন্য তাঁর এই সফর। তাৎপর্যপূর্ণভাবে ভারতে চিনের রাষ্ট্রদূতের এটাই প্রথম ট্রেন সফর। তাও আবার কলকাতা থেকে। আর তাতে মুগ্ধ জু ফেইহং। ইতিমধ্যে এক্সে (আগে-টুইটার) সেই অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি।
যেখানে ভারতে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত লিখছেন, ‘হাওড়া স্টেশন থেকে শান্তিনিকেতনে আমার প্রথম ট্রেন যাত্রা। বাংলার অনন্য সৌন্দর্য একেবারে সরাসরি পরখ করার সুযোগ। এক অসাধারণ অভিজ্ঞতা’। সূত্রের খবর, সকাল ১০ টায় চিনের রাষ্ট্রদূত হাওড়া স্টেশন থেকে শান্তিনিকেতন এক্সপ্রেসে চাপেন। দুপুর ১ টা নাগাদ বোলপুর পৌঁছন। একেবারে সাধারণ চেয়ার কারে বসেই যাত্রা করেন জু ফেইহং।
তাঁর সঙ্গে ৯ সদস্যের একটি টিমও ছিল। আর সেই টিমে কলকাতায় নিযুক্ত চিনের কনসাল জেনারেল শু ওয়েইও ছিলেন বলেও খবর। বিশ্বভারতীর এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, রাষ্ট্রদূত জু ফেইহং দুপুর ১টার সময় শান্তিনিকেতন পৌঁছন। এরপর রবীন্দ্রভবন ঘুরে দেখেন। একইসঙ্গে বিশ্বভারতীর বিশেষ ‘চিনা ভবন’ ঘুরে দেখেন রাষ্ট্রদূত। উল্লেখ্য, এই ‘চিনা ভবনে’ চিনের বহু ছাত্রছাত্রী পড়াশোনা করেন।
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে বিশ্বভারতীর এক সূত্র জানিয়েছে, রাষ্ট্রদূত সহ ৯ সদস্যের প্রতিনিধি দল সবাই শান্তিনিকেতনেই রাত্রিবাস করেছেন। যা খবর, উপাচার্য প্রবীর কুমার ঘোষের সঙ্গে বৈঠক সেরে আজ মঙ্গলবারই কলকাতায় ফিরবেন জু ফেইহং।
