দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধুর প্রতারণায় একেবারে নিঃস্ব হয়ে পথে বসেছেন টেলিভিশনের জনপ্রিয় জুটি পুজা ব্যানার্জি ও ক্রুনাল বর্মা। জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন দুজনে। দীর্ঘদিনের এক ঘনিষ্ঠ বন্ধুর প্রতারণায় সর্বস্ব খুইয়েছেন এই দম্পতি। পুরো জীবনভর সঞ্চয় এক নিমেষে হারিয়ে গেছে, এমনই অভিযোগ তাঁদের।
২০২০ সালে বিয়ে করেন পুজা ও ক্রুনাল। তাঁদের একটি পুত্রসন্তানও রয়েছে। সম্প্রতি নিজেদের ইউটিউব চ্যানেল ‘পূজা এন্ড ক্রুণাল’-এ প্রকাশিত একটি ভিডিয়োতে তাঁরা জানান, বিগত দুই-তিন মাসে তাঁদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে প্রতারণার জালে পা দিয়ে। ভিডিয়োতে পুজা বলেন, “আমরা আর্থিক প্রতারণার শিকার হয়েছি। আমাদের সব সঞ্চয় হারিয়েছি। আজ আমরা একেবারে শূন্য থেকে নতুন করে শুরু করছি। খুব কষ্টের সময় যাচ্ছে, তবে হাল ছাড়ছি না। আপনাদের প্রার্থনা আর ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় ভরসা। ঈশ্বরে আমাদের পূর্ণ আস্থা আছে।”
ক্রুনাল জানান, যাঁর হাতে তাঁরা প্রতারিত হয়েছেন, তিনি তাঁদের খুব কাছের একজন ছিলেন। শুধু তাই নয়, বিগত দুই-তিন বছর ধরে তাঁদের বাড়িতে যাতায়াত ছিল। ক্রুনালের কথায়, “আমরা এমন একটি ইন্ডাস্ট্রিতে কাজ করি, যেখানে দর্শকের ভালোবাসাই আমাদের রুটি-রুজির মূল ভিত্তি। সেই দর্শকদের কাছে আমরা সত্যিটা জানাতে চেয়েছি”!
উল্লেখ্য, ঈদের দিনে পুজার ইনস্টাগ্রাম পোস্ট দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁদের অনুরাগীরা। সেই পোস্টে পুজা নিজেদের আর্থিক অবস্থার করুন পরিণতি সম্পর্কে কিছু কথা লেখেন। অবশেষে, সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে নিজেদের দুঃখের কথা সকলের সঙ্গে ভাগ করে নিলেন পুজা ও ক্রুনাল। যদিও তাঁরা ক্ষতির পরিমাণ প্রকাশ করেননি। তবে সারা জীবন যা সঞ্চয় করেছেন, সব হারিয়ে ফেলেছেন বলে জানান দুজনে। সমাজ মাধ্যমে তারা নিজেদের অনুরাগীদের কাছে শুধুমাত্র আশীর্বাদ আর ভালোবাসা চেয়েছেন আবারও ঘুরে দাঁড়ানোর জন্য।
