সুদীপ্ত চট্টোপাধ্যায়
গরমের ছুটির পর স্কুল খুলতে না খুলতেই ফের ছুটি। আগামীকাল ও পরশু অর্থাৎ ১৩ এবং ১৪ জুন পার্বত্য এলাকা বাদে রাজ্যজুড়ে সমস্ত সরকারি স্কুল ছুটি থাকবে। নিজের এক্স হ্যান্ডেল এ কথা জানিয়েছেন স্বয়ং রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যে এখনো বেশ কিছু জেলায় তাপপ্রবাহ পরিস্থিতি চলছে। এমতাবস্থায় তের জুন এবং ১৪ জুন রাজ্যের সরকার ও সরকার পোষিত প্রাথমিক উচ্চ প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের সমস্ত স্কুলে পঠন পাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনটাই এক্স হ্যান্ডেল এ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ইতিমধ্যেই রাজ্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্ট পর্ষদ বা বোর্ডগুলিকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। উল্লেখযোগ্য, প্রচন্ড তাপদাহের কারণেই গত ৩০ এপ্রিল থেকে রাজ্যের সরকার ও সরকার পোষিত স্কুলগুলির ছুটি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বস্তুত সাধারণ নিয়মে যে সময় গরমের ছুটি সরকারি স্কুলগুলোতে দেয়া হয় তার থেকে প্রায় ১০-১২ দিন আগেই ছুটি ঘোষণা করে রাজ্য সরকার। গত ২ জুন ফির গরমের ছুটি কাটিয়ে স্কুলে ফেরে ছাত্র-ছাত্রীরা। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে এবছর রাজ্যে দিন সাথেক আগেই বর্ষার মরসুম শুরু হবে। যদিও কাঙ্খিত বর্ষার বৃষ্টি রাজ্যে এখনো না এলেও বরং বেশ কিছু জেলায় এখনও তাপপ্রবাহ পরিস্থিতি চলছে। বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চল তথা রাঢ় অঞ্চলে দহন পরিস্থিতি এখনও সহনশীলতার বাইরে। সার্বিক পরিস্থিতি বিচার করে আগামী ১৩ এবং ১৪ জুন রাজ্যের সরকার ও সরকার পোষিত স্কুল গুলিতে পঠন পাঠন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর।
