মোবাইলের স্ক্রিনে যত সহজে টেম্পল রানে দৌড়ে বেড়ান, বাস্তবে হাতে স্টিয়ারিং সেটা ততটা না-ও হতে পারে। কারণ, সাক্ষাৎ যমদূত দাঁড়িয়ে ভোপালে, বিকাশের ভেক ধরে, নবনির্মিত ওভার ব্রিজে ফিতে দিয়ে মেপে ৮৮ ডিগ্রির এক বাঁকে। যেটা দেখলেই চালকদের বুক শুকিয়ে যাচ্ছে। আর সোশ্যাল মিডিয়া বলছে, ‘একে বলে ইঞ্জিনিয়ারিং মারভেল!’
ঘটনা হল, ডবল ইঞ্জিন ভোপাল শহরের আশবাগে তৈরি হওয়া নতুন ওভারব্রিজ এখন ব্রেকিং নিউজ। উদ্বোধনের আগেই এই ব্রিজ নিয়ে শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া থেকে রাস্তাঘাটে। কারণ, ব্রিজটির একটি অংশে রয়েছে ৮৮ ডিগ্রির একটি হঠাৎ বাঁক। খরচ হয়েছে ১৮ কতই টাকা। উন্নয়নের অদ্ভুত এই নমুনা দেখে অনেকেই বলছেন, এটা ব্রিজ না যেন, টেম্পল রানের কোনও লেভেল!
ওভারব্রিজটি তৈরি হয়েছে শহরের যানজট কমানোর লক্ষ্যে। নীচ দিয়ে চলা রেলক্রসিং এড়িয়ে যান চলাচল আরও সহজ হবে বলে দাবি প্রশাসনের। কিন্তু ব্রিজের মাঝপথে এমন বাঁক দেখে নেটিজেনদের কেউ কেউ মজায় লিখছেন—“টেম্পল রান!”, আবার কেউ বলছেন—“এই ব্রিজে উঠতে হলে আগে স্টান্ট শেখা উচিত!”
বিতর্ক যখন তুঙ্গে, তখন মুখ খুলেছেন মধ্যপ্রদেশের PWD মন্ত্রী রাকেশ সিং। তাঁর দাবি, ওই জায়গার স্থানে ঘাটতি, মেট্রো লাইনের উপস্থিতি এবং আশপাশের ঘন বসতির কারণে এমন ডিজাইন তৈরি হয়েছে। তাঁর কথায়, “এই বাঁক নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। প্রাথমিকভাবে হালকা যান চলাচলের জন্য ব্রিজ খোলা হচ্ছে। ভারী গাড়ির প্রবেশ নিষেধ। যথেষ্ট গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা ও সতর্কতামূলক সাইনবোর্ড লাগানো হয়েছে।”
মন্ত্রী আরও জানান, ব্রিজটির নিরাপত্তা নিয়ে কোনও আপস করা হয়নি। ভবিষ্যতে যদি কোনও সমস্যা দেখা দেয়, তবে সংশোধনের ব্যবস্থাও থাকবে।
তবে সাধারণ মানুষের মনে প্রশ্ন থেকেই যাচ্ছে—যেখানে কোটি কোটি টাকা খরচ করে উন্নয়ন প্রকল্প হয়, সেখানে কেন এমন ঝুঁকিপূর্ণ ডিজাইন করতে হয়? প্রশাসনের জবাব সত্যিই যুক্তিসঙ্গত, নাকি তা শুধুই রাজনৈতিক দায় এড়ানো—উত্তর খুঁজছে ভোপাল।
