ভয়াবহ বিমান দুর্ঘটনা। ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান। গুজরাতের আহমেদাবাদে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। যা খবর, টেকঅফের সময়ে বিমানটি ভেঙে পড়ে। ভয়াবহ এই ঘটনায় বহু যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আহত একাধিক। ইতিমধ্যে ঘটনার ভয়াবহ ছবি এবং ভিডিও সামনে আসছে। যেখানে দেখা যাচ্ছে, সম্পূর্ণ কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে গিয়েছে। দূর থেকে তা দেখা যাচ্ছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল সহ উদ্ধারকারী দল। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। আহতদের স্থানীয় একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যাচ্ছে, দুর্ঘটনাগ্রস্থ বিমানটি এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার বিমান ছিল বলে জানা যাচ্ছে। কীভাবে সেটি ভেঙে পড়ল তা এখনও স্পষ্ট নয়। এয়ার ইন্ডিয়ার তরফেও এই বিষয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে জানা যাচ্ছে, বিমানটি লন্ডন যাওয়ার কথা ছিল। শতাধিকেরও বেশি যাত্রী ছিল বলে দাবি। আহমেদাবাদ পুলিশ জানিয়েছে, অভিশপ্ত বিমানটিতে ২৪২ জন যাত্রী ছিল। টেকঅফের কিছুক্ষণ পরেই সেটি ভেঙে পড়ে। মেঘানীনগরের কাছে বিমানটি ভেঙে পড়ে।
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আহমেদাবাদের সর্দার বল্লভ ভাই প্যাটেল বিমানবন্দর থেকে মেঘানীনগরের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, হঠাৎ করেই ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা যায়। চারপাশ একেবারে কালো ধোঁয়ায় ঢেকে যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের একাধিক বহুতলের ক্ষতি হয়েছে বলে খবর। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে একাধিক ভিডিও ছবি প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে চারপাশ একেবারে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। চারপাশ জুড়ে ছড়িয়ে বিমানের ভেঙে পড়া অংশ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
ইতিমধ্যে গুজরাতের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রের তরফেও পুরো বিষয়টির উপর কড়া নজর রাখা হচ্ছে।
