ভয়াবহ দুর্ঘটনার কবলে এয়ার ইন্ডিয়ার বিমান। টেকঅফের কিছুক্ষণ পরেই সেটি ভেঙে পড়ে। আহমেদাবাদ বিমানবন্দরের কাছে মেঘানিনগরের মতো একেবারে জনবহুল একটি এলাকায় সেটি ভেঙে পড়ে বলে জানা যাচ্ছে। অভিশপ্ত বিমানটিতে ২৪২ জন যাত্রী ছিলেন বলে জানা যাচ্ছে। ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ছিলেন বলেও জানা যাচ্ছে। এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে বহু মানুষের প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা। যদিও যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ।
ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। উদ্ধারকাজে হাত লাগিয়েছেন সাধারণ মানুষজনও। উদ্ধারকাজে সাহায্য করছে জাতীয় বিপর্যয় মোকাবিলা টিম। তবে কীভাবে এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার ভেঙে পড়ল তা এখনও স্পষ্ট নয়। যদিও এয়ার ইন্ডিয়ার তরফে একটি বার্তায় বিমান ভেঙে পড়ার খবর নিশ্চিত করা হয়েছে। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। খুব শীঘ্রই এই বিষয়ে জানানো হবে বলেও জানানো হয়েছে এয়ার ইন্ডিয়ার অফিশিয়াল সোশ্যাল মিডিয়ায়।
অন্যদিকে ভয়াবহ এই দুর্ঘটনার পরেই বন্ধ করা হয়েছে গুজরাতের এয়ারস্পেস। বন্ধ আহমেদাবাদ বিমানবন্দরও। যার প্রভাব পড়েছে কলকাতা বিমানবন্দরেও। জানা যাচ্ছে, কলকাতা থেকে আজ বৃহস্পতিবার গুজরাত বিমানবন্দরের উদ্দেশ্যে একাধিক বিমান পরিষেবার কথা ছিল। কিন্তু সমস্ত বিমান পরিষেবা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে বলে জানা যাচ্ছে। এমনকী দুপুরে কলকাতা বিমানবন্দর থেকে একটি বিমান আহমেদাবাদ বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিলেও সেটিকে ফিরিয়ে আনা হয় বলে দাবি এক সংবাদমাধ্যমে।
অন্যদিকে মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ার খবরে স্তম্ভিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়া। ঘটনার পরেই সোশ্যাল মিডিয়ায় তিনি লিখছেন,’ আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার খবরে গভীরভাবে মর্মাহত। অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। দুর্ঘটনাগ্রস্তদের পরিবারের পাশে আছি’। একই সঙ্গে মুখ্যমন্ত্রী আরও লিখছেন, ‘ভয়াবহ এই দুর্ঘটনার খবর আমাকে নাড়িয়ে দিয়েছে। হতাহতের খবর স্পষ্ট নয়। তবে সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অভিশপ্ত বিমানে ২৪২ জন যাত্রী ছিল। এই মুহূর্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি বলেও সোশ্যাল মিডিয়ায় উল্লেখ প্রশাসনিক প্রধানের।
অন্যদিকে এই ঘটনা সামনে আসার পরেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাতের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। বিস্তারিত খোঁজখবর নিয়েছেন। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ভয়াবহ বিমান দুর্ঘটনার খবরে স্তম্ভিত। ইতিমধ্যে তিনিও অমিত শাহের সঙ্গে ঘটনা নিয়ে কথা বলেছেন বলে খবর।
