শাহরুখের একটি সিনেমাকে ‘বোরিং’ আখ্যা দিলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। তাঁর মন্তব্য শুনে রীতিমত চমকে গেছেন সিনেমাপ্রেমীরা। কিন্তু শাহরুখের কোন সিনেমাকে ‘একঘেয়ে’ তকমা দিয়েছিলেন আমির? আমির জানান, পরিচালক আশুতোষ গোয়ারিকর যখন তাঁর ‘স্বদেশ’ ছবির গল্প আমিরকে শোনান, তখন সেটিকে ‘বোরিং’ মনে হওয়ায় তিনি সেই ছবি করতে রাজি হননি। আশুতোষের সঙ্গে আমির তার আগেই সুপারহিট ছবি ‘লগন’-এ কাজ করেছিলেন। আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয় এই ছবি, মনোনীত হয় অস্কারের জন্যও।
‘লগন’-এর সাফল্যের পরেই আশুতোষ তাঁর পরবর্তী সিনেমার পরিকল্পনা করেন, যার প্রাথমিক নাম ছিল ‘কাবেরি আম্মা’। এই নামটি পরে পরিবর্তিত হয়ে ‘স্বদেশ’ হয়। তাতে কাবেরি আম্মা হলেন মূল চরিত্র মোহন ভাগবতের পালক মা। এক সাক্ষাৎকারে আমির বলেন, “স্ক্রিপ্ট শুনে আমি আশুকে সোজাসুজি বলেছিলাম—তোর চিন্তাধারা খুব ভালো, তুই যা বলতে চাইছিস তা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক, কিন্তু যেভাবে গল্পটা বলছিস, সেটা এতটাই বোরিং লাগছে যে আমি মজা পাচ্ছি না। আমি জানি না অন্য কেউ কী বলবে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বোর হয়ে গেছি।”
‘স্বদেশ’ সিনেমার পুরো গল্পের ৩ ঘণ্টার দীর্ঘ বর্ণনা শুনে বিরক্ত হন আমির! কারণ গল্পের মূল বক্তব্য যতই ভালো হোক না কেন, উপস্থাপন যদি আকর্ষণীয় না হয়, তাহলে দর্শক ধরে রাখা কঠিন। শুধু তাই নয়, আজ পর্যন্ত ‘স্বদেশ’ সিনেমাটি দেখেনইনি আমির। তাঁর কথায়, “আমি এখনও ছবিটা দেখিনি। হতে পারে আশু পরে স্ক্রিপ্টে পরিবর্তন এনেছিল। কারণ আমি দেখেছি, ছবিটায় শাহরুখ খানের অভিনয় মানুষ খুবই পছন্দ করেছে। এটা আমি লক্ষ্য করেছিলাম।”
উল্লেখ্য, ‘স্বদেশ’ সিনেমাটিকেই এখন অনেকে শাহরুখ খানের কেরিয়ারের সেরা অভিনয় বলে মনে করেন। সামাজিক বার্তা এবং আবেগঘন চিত্রনাট্যের জন্য ‘স্বদেশ’ সিনেমাটি দুটি জাতীয় পুরস্কারও জিতে নিয়েছে। অন্যদিকে, দর্শকরা আমির খানকে পর্দায় আবার দেখতে পাবেন তাঁর আসন্ন সিনেমা ‘সিতারে জ়মিন পর’-এ। আগামী ২০ জুন মুক্তি পাবে এই ছবি।
