ঠিক ২৫ বছর আগে জনপদের উপর ভেঙে পড়েছিল একটি যাত্রীবোঝাই বিমান। এক লপ্তে মৃত্যু হয়েছিল অন্তত ৬০ জনের। ৩ জন বেঁচে গিয়েছিলেন অলৌকিক ভাবে। বৃহস্পতিবারের দুপুর ফেরাল ২০০০ সালের সেই দুঃসহ স্মৃতি।
জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার একটি বিমান যাত্রীদের নিয়ে আহমেদাবাদ থেকে উড়েছিল ইংল্যান্ডের গ্যাটউইকের উদ্দেশে। টেক অফ করার শেষ পর্বে আচমকাই তা ভেঙে পড়ে বিমানবন্দর লাগোয়া মেডিকেল কলেজের একটি হস্টেলের উপর। জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার বিমানটিতে ১৬৯ ভারতীয়, ৫৩ ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডার নাগরিক ছিলেন। যাওয়ার কোথা ছিলে লন্ডনের গ্যাটউইক। ওই বিমানেরই যাত্রী ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। এখনও পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা জানা যায়নি। আপাতত চলছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ। বন্ধ করে দেওয়া হয়েছে আহমেদাবাদের আন্তর্জাতিক বিমানবন্দর।
আজ থেকে ২৫ বছর আগে একই ভাবে লোকালয়ের উপর ভেঙে পড়েছিল একটি যাত্রীবাহী বিমান। ঘটনাস্থল ছিল বিহারের পাটনা। ১৭ জুলাই, ২০০০ সাল। অ্যালায়েন্স এয়ারের বোয়িং ৭৩৭ পাটনা বিমানবন্দরে নামার চেষ্টা করছিল। আচমকাই বিমানটি ভেঙে পড়ে সরকারি কোয়াটারের উপর। ভয়ঙ্কর সেই দুর্ঘটনায় কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়। আহমেদাবাদে যেন ২৫ বছর আগের পাটনার পুনরাবৃত্তি হল। কিন্তু, পাটনা বিমান দুর্ঘটনায় কার্যত অলৌকিক ভাবে প্রাণে বেঁচে গিয়েছিলেন তিন জন। আহমেদাবাদের ক্ষেত্রে সেই সংখ্যাটা আরও অনেক বাড়ুক, এখন সেটাই আশা।
