সুদীপ্ত চট্টোপাধ্যায়
‘পাখির চোখ’ কি এখন ডানায়? বিশেষজ্ঞদের যাবতীয় বিচার-বিশ্লেষণের কেন্দ্রবিন্দু হল ডানা।
আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার যে বোয়িং বিমানটি ভেঙ্গে পড়েছে, তার ডানাতে কোনো সমস্যা হয়ে থাকতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা। বিমানবন্দরের টেক অফ করা থেকে এয়ার ক্র্যাশ পর্যন্ত বোয়িং বিমানটির যে ভিডিও বিশ্বব্যাপী ভাইরাল সেই ভাইরাল ভিডিও খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে বিশেষজ্ঞদের প্রাথমিক ধারণা, বিমানের চাকা সহ নীচের দিক, অর্থাৎ আন্ডারক্যারেজট বিস্ফোরণের প্রাক মুহূর্ত পর্যন্ত নামানো অথচ ডানার ফ্ল্যাপ গুটিয়ে ছিল। কেন ডানার ফ্ল্যাপ গুটিয়ে ছিল? প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। বস্তুত, বিমানের ডানায় যে ফ্ল্যাপ থাকে, সেগুলো খুলে বা বন্ধ করে আকাশে ওড়া বা মাটিতে নামার সময় বিমানের গতি নিয়ন্ত্রণ করা হয়। বিশেষজ্ঞদের মতে দুর্ঘটনাগ্রস্ত বোয়িংয়ের ডানা আর ফ্ল্যাপগুলো একই সমতলে ছিল। আকাশে ওড়ার পরে ওই সামান্য সময়ের মধ্যে এরকমটা খুবই অস্বাভাবিক। আন্ডারক্যারেজ, অর্থাৎ চাকা সাধারণত ১০-১৫ সেকেন্ডে গুটিয়ে নেওয়া হয়। তবে ফ্ল্যাপগুলো অনেকটা সময় নিয়ে ১০-১৫ মিনিট পরে গুটিয়ে নেওয়া হয়।
বিমানটি টেক অফ ঠিক মতো করতে পারেনি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
তাহলে কি টেক করার সঙ্গে সঙ্গেই পাইলট যে ‘ মে ডে অর্ডার ‘ করেছিলেন সেখানে কি বিমানের ডানার প্রযুক্তিগত সমস্যার কথা জানাতে চেয়েছিলেন? আপাতত বিমানের ব্ল্যাক বক্স তার উত্তর দিতে পারবে এবং তারই অপেক্ষায় গোটা বিশ্ব। প্রসঙ্গত, ফ্ল্যাপগুলো যদি ঠিক না থেকে থাকে, তাহলে মানুষের ভুলের সম্ভাবনা বাড়ে। তবে ভিডিও দেখে তা কতটা নিশ্চিত করে বলা যায় তা নিয়েও ভিন্নমত রয়েছে বিশেষজ্ঞদের মধ্যেই।
তবে ২০১১ সালে চালু হওয়ার পর থেকে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের কোনো মারাত্মক দুর্ঘটনার রেকর্ড নেই। সেই কারণেই বিমানটির প্রতি নির্ভরতা দিন দিন বেড়েছে। তবে, এই মডেলটি অতীতে কিছু প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়েছিল। যেমন ২০১৩ সালে লিথিয়াম ব্যাটারি অতিরিক্ত গরম হওয়ার ঘটনা সামনে আসে। ২০২১-২০২৩ সালে উৎপাদন মানের সমস্যার কারণে ডেলিভারি স্থগিত রাখা হয়। সম্প্রতি, ২০২৪ সালে বোয়িংয়ের প্রকৌশলী স্যাম সালেহপুরের অভিযোগ ছিল উৎপাদন প্রক্রিয়ায় শর্টকাট পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। এই দুর্ঘটনার তদন্তে এই বিষয়গুলো পরীক্ষা করা হবে বলেও আশা করা হচ্ছে।
