পশ্চিম এশিয়ায় যুদ্ধের দামামা! ইরানের পরমাণু কেন্দ্রকে নিশানা বানিয়ে হামলা ইজরায়েলের, পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি সেরে ফেলেছে ইরানও। যা নিয়ে নতুন করে যুদ্ধের কালো মেঘ তৈরি হয়েছে পশ্চিম এশিয়ার আকাশে। পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করল ভারত। কোনও পক্ষ নয়, দু’তরফকেই শান্ত হওয়ার আহবান জানিয়েছে ভারত। ইরান এবং ইজরায়েলকে উত্তেজনা কমিয়ে আলোচনায় বসার পরামর্শ। একই সঙ্গে পরিস্থিতির উপর কড়া নজর যে রাখা হচ্ছে, তাও স্পষ্ট করা হয়েছে। ইরান ও ইজরায়েলে বসবাসকারী ভারতীয়দের সাবধান করা হয়েছে।
ইরানের বিরুদ্ধে ‘অপারেশন রাইজিং লায়ন’ শুরু করেছে ইজরায়েল। আর এই অভিযানে সে দেশের বৃহত্তম ইউরেনিয়াম কেন্দ্র-সহ একাধিক সেনাঘাঁটিতে বিমান হামলা চালানো হয়েছে। পাল্টা অন্তত ১০০ টি ড্রোনের সাহায্যে ইজরায়েলে আঘাত করেছে তেহরানও, যা নিয়ে ক্রমশ উত্তেজনা বাড়ছে। এক বার্তায় বিদেশমন্ত্রক জানাচ্ছে, ইরান এবং ইজরায়েলের মধ্যে যে ভাবে উত্তেজনা বাড়ছে তা উদ্বেগের। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে ভারত। এমনকী পরমাণু সাইটে যেভাবে হামলা হয়েছে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বিশেষ করে উত্তেজনা তৈরি করতে পারে এমন যে কোনও পরিস্থিতি ইরান এবং ইজরায়েল যাতে এড়িয়ে চলে সেই বার্তাও দেওয়া হয়েছে। একই সঙ্গে কুটনৈতিক সমস্ত চ্যানেলের মাধ্যমে দুই দেশ যাতে আলোচনায় বসে সেই বার্তা দেওয়া হয়েছে বিদেশমন্ত্রকের তরফে। প্রয়োজনে মধ্যস্থতার কথাও বলা হয়েছে। ইজরায়েল এবং ইরান দুই দেশের সঙ্গেও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে নয়াদিল্লির বার্তা, যে কোনও সাহায্য করতে ভারত প্রস্তুত।
অন্য দিকে ইজরায়েল এবং ইরানে বসবাসকারী ভারতীয়দের সাবধান করা হয়েছে। ভারতীয় দূতাবাসগুলির তরফে যোগাযোগ রাখার কথা বলা হয়েছে। অন্যদিকে দূতাবাসগুলির তরফে চূড়ান্ত সাবধানতা রাখার কথা বলা হয়েছে। প্রয়োজন ছাড়া কেউ যাতে বের না হোন সেই নির্দেশিকাও দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ইজরায়েল এবং ইরানে থাকা ভারতীয় দূতাবাসগুলির সঙ্গে নয়াদিল্লি যোগাযোগ রেখে চলছে বলেও জানা গিয়েছে।
