কর্নাটক সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা! নেপথ্যে কমল হাসান অভিনীত ও মণি রত্নম পরিচালিত তামিল ছবি ‘থাগ লাইফ’। এই ছবির বিরুদ্ধে ‘অঘোষিত নিষেধাজ্ঞা’ জারি করার অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা হল কর্নাটক সরকারের বিরুদ্ধে। শুক্রবার এই মামলায় সে রাজ্যের সরকারকে নোটিস জারি করেছে দেশের শীর্ষ আদালত। বেঙ্গালুরুর আবেদনকারী এম. মহেশ রেড্ডির পিটিশনের ভিত্তিতে রাজ্য সরকারকে জবাবদিহি করতে বলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি মনমোহনের ডিভিশন বেঞ্চ।
আবেদনকারীর অভিযোগ, ‘থাগ লাইফ’ সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলেও, কর্নাটকে বিভিন্ন প্রান্তিক গোষ্ঠী ও সামাজিক মাধ্যমে উগ্র মানসিকতার মানুষজন বা সংগঠনের হুমকির ফলে ছবিটি মুক্তি পাচ্ছে না। এসব হুমকি থিয়েটারে আগুন লাগানোর মতো চরম পর্যায়ে পৌঁছেছে।
এছাড়াও রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ, যারা হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের করেনি তারা। উল্টে তাদের পক্ষেই সায় দেওয়া হচ্ছে। রাজ্য সরকারের এই ‘নীরব সমর্থন’ গণতান্ত্রিক অধিকার এবং সংবিধানের ৩২ নম্বর অনুচ্ছেদের লঙ্ঘন বলেই দাবি করা হয়েছে।
উল্লেখ্য, কমল হাসানের ছবি নিয়ে বিতর্কের পেছনে রয়েছে তাঁর সাম্প্রতিক একটি মন্তব্য। সেখানে তিনি বলেন, “কন্নড় ভাষা তামিল ভাষা থেকেই জন্ম নিয়েছে।” ব্যাস, এই মন্তব্য ঘিরে কর্নাটকে ব্যাপক ক্ষোভ ছড়ায়, এবং সেই সূত্র ধরেই ‘থাগ লাইফ’ ছবির বিরুদ্ধে বিক্ষোভ ও বয়কটের ডাক উঠে।
অ্যাডভোকেট নবপ্রীত কৌর জানান, “ছবিটি ঘিরে কর্নাটকে আইন-শৃঙ্খলার সমস্যা তৈরি হয়েছে। ভাষাগত সংখ্যালঘু সম্প্রদায় ও সিনেমা হলগুলিকে লক্ষ্য করে আগুন লাগানোর হুমকি দেওয়া হয়েছে। তাই বাধ্য হয়ে আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি।” উল্লেখ্য, গত ৫ জুন ২০২৫-এ ‘থাগ লাইফ’ ছবিটি ভারতের অন্যান্য রাজ্য সহ বিশ্বের নানা প্রান্তে মুক্তি পেলেও, কর্নাটকে এখনও এটি মুক্তি পায়নি।
