বৃহস্পতিবার আমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার কিছু ক্ষণের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ফ্লাইট এআই-১৭১। বৃহস্পতিবার ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৬৫ জন যাত্রী, ক্রু, পাইলট, চিকিৎসক ও স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনার পর থেকেই এয়ার ইন্ডিয়াকে ঘিরে ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে দেশ জুড়ে। এই খারাপ সময় এয়ার ইন্ডিয়ার পাশে দাঁড়িয়েছেন স্ট্যান্ডআপ কমেডিয়ান ও অভিনেতা বীর দাস।
বীর তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। পোস্টে তিনি এয়ার ইন্ডিয়া বিমান সংস্থাটির প্রতি সহানুভূতি জানিয়ে লেখেন, ‘আমি জানি, এই মুহূর্তে ওদের কাজটা কতটা কঠিন। বহু বছর ধরে আমি এয়ার ইন্ডিয়াতে ভ্রমণ করছি। সমস্যা থাকলেও, আমি সব সময় ওদের ক্রু’দের আকাশে সেরা হিসেবেই দেখেছি।’ বীর আরও লেখেন, ‘আজ বহু পরিবারের জন্য এক অসহনীয় দিন। প্রার্থনা ও সহানুভূতি তাঁদের জন্যই। তবে আমি শুধু বলতে চাই, আমি ক্রু’দের পাশে আছি। তাঁরা তাঁদের অনেক সহকর্মীকে হারিয়েছেন। এই অবস্থাতেও তাঁদের দায়িত্ব পালন করতে হচ্ছে, ভাবলেও গা শিউরে ওঠে। আমি তাঁদের জন্য এটুকু আশ্বাস রেখে যেতে চাই যে, আমরা আছি, এবং ভবিষ্যতে আবারও আপনাদের বিমানে ওঠার অপেক্ষায় থাকব।’
উল্লেখ্য, এই দুর্ঘটনাই ভারতে সবচেয়ে বড় দুর্ঘটনা এবং বোয়িং ৭৮৭-৮ মডেলের প্রথম প্রাণঘাতী বিপর্যয়। দুর্ঘটনার পর দেহ শনাক্তকরণের কাজ চলছে আমেদাবাদ সিভিল হাসপাতালে। প্রায় ৭০ থেকে ৮০ জন চিকিৎসকের দল নিযুক্ত নিহতদের ময়নাতদন্ত প্রক্রিয়ায়। এখনও পর্যন্ত পাঁচ জনের দেহ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে গুজরাট ও রাজস্থান থেকে দু’জন করে এবং এক জন মধ্যপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে।
