হামলা ও তার পাল্টা হামলায় কাঁপছে ইরান ও ইজরায়েল। শনিবার ভোরে ইরান ও ইজরায়েল পরস্পরের উপর একাধিক হামলা চালিয়েছে। ইরানের রেভোলিউশনারি গার্ড জানিয়েছে, তারা ইজরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানালেও মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ইরানের পাল্টা হামলায় ইজরায়েলে এক মহিলার মৃত্যু হয়েছে এবং প্রায় ৪০ জন আহত হয়েছেন। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
তেহরানের জবাব হিসেবে ফের একগুচ্ছ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইজরায়েল।প্রথমবার আক্রমণ চালানোর ২৪ ঘণ্টাও না কাটতেই দ্বিতীয় দফা হামলা চালানো হয়। ইজরায়েল জানিয়েছে, তারা ইরানের পারমাণবিক ও সামরিক ক্ষেত্রসহ ২০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইরানের ফোরদো পারমাণবিক স্থাপনার কাছাকাছি দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর প্রতিক্রিয়ায় ইরান পাল্টা হামলা চালালে শুক্রবার রাতে ইজরায়েলের তেল আবিব ও জেরুজালেমের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যায়, দেশজুড়ে সাইরেন বাজতে থাকে।ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, ইজরায়েলের বিরুদ্ধে কয়েকশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে।
ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী ইরান থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর সে দেশের বিভিন্ন অঞ্চলে সতর্কতা জারি করেছে। আইডিএফ-এর এক্স অ্যাকাউন্টে জানানো হয়েছে, ইজরায়েলি বিমান বাহিনী প্রয়োজনে যে কোনো স্থানে আঘাত সামলাতে প্রতিরোধ ও হামলা চালাচ্ছে। একটি পোস্টে জানানো হয়েছে, মানুষ আশ্রয়কেন্দ্র ছেড়ে বেরোতে পারে, তবে তাদের কাছাকাছি থাকতে হবে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা শুরুর পর ইজরায়েলের প্রধানমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রীকে সঙ্গী করে একটি বাঙ্কারে আশ্রয় নেন। সেখান থেকেই তাঁরা সামগ্রিক পরিস্থিতির জরুরি মূল্যায়ন করেন।
রাষ্ট্রসঙ্ঘে ইরানের প্রতিনিধি জানিয়েছেন, ইজরায়েলি হামলায় ৭৮ জন নিহত হয়েছেন, যাঁদের মধ্যে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারাও রয়েছেন। আহত হয়েছেন আরও ৩২০ জনের বেশি, যাঁদের অধিকাংশই অসামরিক নাগরিক। দু’ দেশের এভাবে হামলা ও পাল্টা হামলার ফলে মধ্যপ্রাচ্যের এই দুই চিরশত্রুর মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা মারাত্মকভাবে বেড়ে গেছে।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
