ফের আলোচনার কেন্দ্রে রাজকুমার হিরানি পরিচালিত এবং আমির খান অভিনীত সুপারহিট ছবি ‘পিকে’। কারণ, এই ছবির কনসেপ্টে অনেকটাই মিল ছিল ২০১২ সালে মুক্তি পাওয়া ‘ওএমজি: ওহ্ মাই গড’ ছবির সঙ্গে। ওই ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন বলি অভিনেতা অক্ষয় কুমার এবং পরেশ রাওয়াল।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই মিল নিয়ে মুখ খুললেন ‘ওএমজি’ ছবির পরিচালক উমেশ শুক্লা। একটি সাক্ষাৎকারে তিনি জানান, “দুটো ছবির বিষয়বস্তুতে কিছুটা মিল থাকতেই পারে। যদি পিকে আগে মুক্তি পেত, তাহলে অনেকে বলত আমি নকল করেছি। তবে আমি জানি রাজকুমার হিরানি, বিধু বিনোদ চোপড়া এবং লেখক অভিজাত জোশী, এঁরা আমার সিনেমা দেখেছিলেন। তাই হয়তো কিছুটা প্রভাব পড়েছিল। যেভাবে প্রেমের গল্পে কেউ ‘আই লাভ ইউ’ বলেই ফেলবে, তেমনই।”
এর পাশাপাশি উমেশ শুক্লা আরও বলেন, সেই সময় একটা গুজব ছড়িয়ে পড়েছিল। ‘ওএমজি’ যাতে না বানানো হয় তার জন্য নাকি বিধু বিনোদ চোপড়া তাঁকে ৮ কোটি টাকা ঘুষ দিয়েছিলেন! তবে এই খবরকে সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দেন উমেশ। তিনি বলেন, “এই ধরনের কথা তখন রটেছিল ঠিকই, কিন্তু এর একটাও সত্যি নয়। হিরানি স্যার, অভিজাত, চোপড়া স্যার, আমির খান, এঁরা প্রত্যেকেই অসাধারণ প্রতিভাবান। ওঁরা এত নিচু মানসিকতার নন যে কাউকে টাকা দিয়ে থামাতে হবে। এসব কথা কেবল বাজারে ঘোরা গুজব ছিল।”
উল্লেখ্য, “ওএমজি: ওহ্ মাই গড” ছবিতে একজন নাস্তিক ব্যবসায়ীর ভূমিকায় অভিনয় করেন পরেশ রাওয়াল। ভূমিকম্পে নিজের দোকান নষ্ট হওয়ার পর ঈশ্বরের বিরুদ্ধে মামলা করেন তিনি। অন্যদিকে, পিকে-তে আমির খান একজন ভিনগ্রহবাসীর চরিত্রে, যে পৃথিবীতে এসে ধর্ম এবং ধর্মীয় ভণ্ডামি নিয়ে প্রশ্ন তোলেন। দু’টি ছবিই সমাজের ধর্মীয় কুসংস্কার ও অন্ধবিশ্বাস নিয়ে তীব্র ব্যঙ্গ-বিদ্রুপের মাধ্যমে বার্তা দিয়েছে। উল্লেখ্য, উমেশ শুক্লার পরবর্তী ছবি ‘হির এক্সপ্রেস’ মুক্তির অপেক্ষায়।
