ফের বিস্ফোরক মন্তব্য! ভারতীয় ক্রিকেটের প্রাক্তন তারকা যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং এক বিস্ময়কর অভিযোগ এনেছেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে। যোগরাজের দাবি, ধোনির জন্যই নাকি সাতজন প্রতিভাবান ক্রিকেটারের কেরিয়ার ২০১১ সালের বিশ্বকাপ জয়ের পর ধ্বংস হয়ে গিয়েছিল। তাঁর অভিযোগ, ধোনি নিজের সুবিধা মতো দল সাজিয়েছিলেন, আর যারা তাঁর ‘পছন্দের তালিকায়’ ছিলেন না, তাঁদের ঠাঁই মেলেনি জাতীয় দলে।
যোগরাজের সবচেয়ে তীব্র ক্ষোভ ছেলের প্রতি ধোনির মনোভাব নিয়ে। তাঁর মতে, বিশ্বকাপজয়ী দলের ‘ম্যান অফ দ্য টুর্নামেন্ট’ যুবরাজ সিং শুধুমাত্র ধোনির ‘উদাসীনতা’র শিকার হয়েই ধীরে ধীরে দল থেকে ছিটকে যান। “যদি ধোনি সদিচ্ছা দেখাত, আমার ছেলেটা আরও পাঁচ বছর ভারতকে দিতে পারত,”—বেদনাঘন কণ্ঠে মন্তব্য যোগরাজের।
তাঁর আরও অভিযোগ, সেই সময়ের নির্বাচকরাও ধোনির প্রভাবেই সিদ্ধান্ত নিতে বাধ্য ছিলেন। যোগরাজ বলেন, “যারা সঠিকভাবে লড়ছিল, তারা বঞ্চিত হল। একজন খেলোয়াড়ের কেরিয়ার কীভাবে ধ্বংস করা যায়, সেটা আমি নিজের চোখে দেখেছি।”
তবে এখানেই থেমে থাকেননি তিনি। ধোনির অধিনায়কত্ব, খেলার ধরন এবং দল পরিচালনার কৌশল নিয়েও প্রশ্ন তোলেন তিনি। একইসঙ্গে জানান, “আমি ধোনিকে কখনও ক্ষমা করব না। ও আমার ছেলের স্বপ্নটা শেষ করে দিয়েছে।”
যোগরাজের এই মন্তব্যে ফের একবার উত্তাল হয়ে উঠেছে ক্রিকেট মহল। অনেকেই বলছেন, এটা পুরনো ক্ষতের জ্বালা। তবে কেউ কেউ মনে করছেন, সত্যিই কি কিছু অদৃশ্য রাজনীতি চলে এসেছিল ভারতীয় ক্রিকেটে?
