ফের একবার মাঝ আকাশে বিপদে এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার। গত সপ্তাহেই আহমেদাবাদে একটি হস্টেলের উপর ভেঙে পড়ে সংস্থার একটি ড্রিমলাইনার। ভয়াবহ সেই ঘটনার রেশ এখনও কাটেনি। আর এর মধ্যেই হংকং থেকে দিল্লীগামী এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনারে বিপত্তি। যদিও ত্রুটি ধরা পড়তেই সাবধান হয়ে যান বিমান চালক। ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গে বিমানটিকে হংকংয়ে অবতরণ করানো হয়। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় বিমানে থাকা যাত্রীদের মধ্যে।
যদিও সবাই ঠিক আছে বলেই জানানো হয়েছে বিমান সংস্থার তরফে। জানা গিয়েছে, ফ্লাইট নম্বর AI315 বোয়িং 787-8 ড্রিমলাইন বিমানটি সোমবার সকালে হংকং থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মাঝ আকাশেই সংশ্লিষ্ট বিমান চালক যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করেন। কার্যত কোনও রকম ঝুঁকি না নিয়েই ফের হংকং ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে এখনও পর্যন্ত বিমানটিতে কি ধরনের সমস্যা ধরা পড়ে সে বিষয়ে কিছু জানা যায়নি।
এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, হংকং থেকে দিল্লিগামী AI315 বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। মাঝ আকাশ থেকেই সেটিকে ফেরানো হয়। হংকংয়ে নিরাপদ ভাবেই অবতরণ করেছে। ওই মুখপাত্রের কথায়, সমস্ত কিছু পরীক্ষা করা হচ্ছে। বিমানে থাকা সমস্ত যাত্রী এবং ক্রু সদস্যরাও সুস্থ আছে বলেও জানানো হয়েছে। Fligthradar24 নামে অনলাইন একটি ট্র্যাকারে দেখা গিয়েছে, হংকং থেকে দিল্লিগামী বিমানটি সকাল ৯ টা বেজে ৩০ মিনিটে টেকঅফের ৯০ মিনিটের মধ্যে ফের মুখ ঘুরিয়ে হংকংয়ের দিকেই এগোচ্ছে।
কিন্তু বারবার এয়ার ইন্ডিয়ার বিমানে কেন এমন পরিস্থিতি? তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা। বলে রাখা প্রয়োজন, আহমেদাবাদের ঘটনার পরেই সমস্ত বোয়িং বিমানগুলিকে পরীক্ষা করার নির্দেশ দেয় অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। কেবিন এয়ার কম্প্রেসার সিস্টেম, ফুয়েল প্যারামিটার মনিটারিং সহ একাধিক ক্ষেত্র বেঁধে দেওয়া হয়েছে। এজন্য নির্দিষ্ট সময়ও দেওয়া হয়েছে। এর মধ্যেই একের পর এক ঘটনায় প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা।
