এর আগে রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়ে যা বলেছিলেন, তা ফের বললেন ভারতের প্রধানমন্ত্রী।
‘এটা যুদ্ধের যুগ নয়’, ইজরায়েল এবং ইরান সংঘাত নিয়ে এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জি-৭ সম্মেলনে যোগ দেওয়ার আগে সাইপ্রাস সফরে গিয়েছেন তিনি। তাঁর কথায়, মানবতার জন্য শান্তি এবং স্থিতিশীলতার প্রয়োজন। শুধু তিনিই নয়, সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডুলিডিসও যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং শান্তির কথা বলেন।
অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এদিন সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করেছে সাইপ্রাস। ‘গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ ম্যাকারিওস-তিন” সে দেশের অন্যতম সর্বোচ্চ নাগরিক সম্মান। যা কিনা সে দেশের প্রথম প্রেসিডেন্টের নামে দেওয়া হয়ে থাকে। আর সেই সম্মান আজ সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দেন সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডুলিডিস।
এই সম্মান দেওয়ার জন্য প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে মোদী বলেন, এই সম্মান দুই দেশের বন্ধুত্বের প্রতীক। যা ১৪০ কোটি ভারতীয়কে উৎসর্গ করছেন বলেও মন্তব্য করেন। একই সঙ্গে ভারত এবং সাইপ্রাসের বন্ধুত্বের সম্পর্কের কথাও তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, আগামিদিনে দুই দেশের সম্পর্ক উচ্চ পর্যায়ে পৌঁছবে।
তাঁর কথায়, আমি এবং প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডুলিডিস পশ্চিম এশিয়া এবং ইউরোপে চলা সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করছি। এর প্রভাব সুদূর প্রসারী, ফলে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর কথা বলেন প্রধানমন্ত্রী। বলে রাখা প্রয়োজন, রবিবারই সাইপ্রাসের সঙ্গে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়। নরেন্দ্র মোদী এবং সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডুলিডিসের মধ্যে এই স্বাক্ষর হয়। দ্বিপাক্ষিক চুক্তির মধ্যে মধ্যে রয়েছে ব্যবসা, নিরাপত্তা, বিনিয়োগ, সামুদ্রিক প্রতিরক্ষা সহ একাধিক বিষয়।
