সংস্থার দশম বর্ষপূর্তি উপলক্ষ্যে কর্মীদের ডাকা হয়েছিল চেন্নাইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। সেখানেই একে একে কর্মীদের হাতে তুলে দেওয়া হল একটি করে ঝকঝকে নতুন ‘ক্রেটা’ এসইউভি। চাবি হাতে পেয়ে হতবাক কর্মীরা! তাঁরা বলছেন, এমনও হয়!
চেন্নাইয়ের এক আইটি কোম্পানি তাদের ১০ বছরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মীদের উপহার দিল হুন্ডাই ক্রেটা এসইউভি! এই ঘটনা রীতিমতো চমকে দিয়েছে। গত ৭ জুন, শুক্রবার চেন্নাই শহরের ’কিসফ্লো’ নামে একটি সফটওয়্যার কোম্পানি তারা তাদের দশম বর্ষপূর্তি উপলক্ষে ১০০ জন কর্মীকে হুন্ডাই ক্রেটা গাড়ি উপহার দিয়েছে।
সংস্থার সিইও সুধীর বৈদ্যনাথন বলেন, “এই উপহার শুধু গাড়ি নয়, এটা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার এক উপায়।” তিনি জানান, কোম্পানির সাফল্যের পেছনে যাদের দীর্ঘদিনের পরিশ্রম, মূলত তাদেরই এই উপহার। যারা অন্তত পাঁচ বছর ধরে এই কোম্পানির সঙ্গে রয়েছেন তাদের বেছে নেওয়া হয়েছে। এই পুরস্কার ঘোষণার সময় অফিসের অডিটোরিয়ামে হাজির কর্মীরা প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না। এই গাড়িগুলোর মোট মূল্য আনুমানিক ১৫ কোটি টাকার কাছাকাছি। কৃতজ্ঞতা প্রকাশ করতে কোম্পানির গাড়ি উপহার হাতে পেয়ে মহা খুশি কর্মীরা। এই ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকেই বলছেন, এমন উদ্যোগ কর্মীদের মনোবল বাড়ায় এবং কোম্পানির সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তুলতে উৎসাহ দেয়।
চেন্নাইয়ের এই ঘটনা দেখে এখন অনেকেই প্রশ্ন তুলছেন, এ রকম মনোভাব কি অন্যান্যরা দেখাতে পারে না? এই ধরনের ইতিবাচক পদক্ষেপ কর্মসংস্কৃতিতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে, এমনটাই মনে করছেন অনেকে। এক কথায়, কিসফ্লো প্রমাণ করে দিল, কর্মীদের প্রাপ্য সম্মান জানালে লাভের অঙ্ক কমে না উল্টে দীর্ঘমেয়াদে তা বেড়ে যায়।
