‘মিসেস বিহার ২০২৫’ বিজেপি বিধায়ক পত্নী! বিহারের তারারি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক বিশাল প্রশান্তের স্ত্রী তথা প্রাক্তন বিধায়ক সুনীল পাণ্ডের পুত্রবধূ ঐশ্বর্য রাজ এ বার হলেন ‘মিসেস বিহার ২০২৫’। ১৫ জুন রবিবার পাটনার এক নামী হোটেলে আয়োজিত গ্র্যান্ড ফিনালেতে ১৪ জন প্রতিযোগীর মধ্যে থেকে বিজয়ী হন তিনি।
বিহারের বিভিন্ন প্রান্তের ২১ থেকে ৫৫ বছর বয়সী মহিলারা প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তাঁদের সৌন্দর্য, মেধা এবং আত্মবিশ্বাস ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ। ‘গ্র্যান্ড ফিনালে’তে চার রাউন্ডের প্রতিযোগিতা হয়। বলিউড থিম রাউন্ড, পরিচয় রাউন্ড, ফ্যাশন ওয়াক এবং প্রশ্নোত্তর পর্ব। প্রতিযোগিতার আয়োজক প্রবীণ সিং জানান, বিহারের নারীদের প্রতিভা ও আত্মবিশ্বাসকে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ এই প্রতিযোগিতা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘মিসেস ওয়ার্ল্ড ২০২২’ সারগম কৌশল এবং ‘মিসেস ইন্ডিয়া গ্যালাক্সি’ নীতিকা সত্যা।
ঐশ্বর্য পাটনার বাসিন্দা। খগৌলের কেন্দ্রীয় বিদ্যালয় থেকে স্কুল জীবন শেষ করে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে বি.কম এবং পাটনা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন তিনি। এ ছাড়া, গুরগাঁও থেকে এয়ার হোস্টেস প্রশিক্ষণও নিয়েছিলেন ঐশ্বর্য। প্রায় পাঁচ বছর আগে তাঁর বিয়ে হয় বিশাল প্রশান্তের সঙ্গে। বর্তমানে তাঁদের একটি পুত্র সন্তান রয়েছে। ঐশ্বর্যর এই জয়কে কেন্দ্র করে উৎসবের আবহ তারারিতে। স্বামী বিধায়ক বিশাল প্রশান্ত জানিয়েছেন, ঐশ্বর্যর জয় তাঁদের পরিবারের জন্য গর্বের। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন শ্বশুর সুনীল পাণ্ডে ও কাকাশ্বশুর হুলাস পাণ্ডে। সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃবৃন্দ ও কর্মীরাও।
