৪৭ দিনের অপেক্ষার অবসান। প্রকাশিত হল ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার স্ক্রুটিনি (PPS) ও রিভিউ (PPR)-এর ফল। সকাল ৯টা থেকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নির্ধারিত পোর্টালে পড়ুয়ারা রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে দেখতে পারছে সংশোধিত নম্বর।
পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, স্ক্রুটিনির ফলে সফল পরীক্ষার্থীদের মধ্যে ১২,৪৬৮ জনের নম্বর বেড়েছে। রিভিউয়ের মাধ্যমে নম্বর পরিবর্তিত হয়েছে আরও ১,২৩৮ জন অকৃতকার্য পরীক্ষার্থীর। ফলে, অনেকে নতুন করে উত্তীর্ণ হয়েছেন, আবার অনেকের র্যাঙ্ক বদলেছে। সংশোধিত ফলের প্রভাবে প্রথম দশে থাকা পড়ুয়াদের সংখ্যা ৬৬ থেকে বেড়ে হয়েছে ৭৫। স্ক্রুটিনি ও রিভিউয়ের গুরুত্ব যে ঠিক কতটা, তা আরও একবার স্পষ্ট হয়ে গেল এই পরিসংখ্যানে।
পর্ষদের নির্দেশ অনুযায়ী, যাঁদের নম্বর পরিবর্তিত হয়েছে, আগামী সাত দিনের মধ্যে তাঁদের সংশ্লিষ্ট স্কুলে গিয়ে পুরনো মার্কশিট ও সার্টিফিকেট জমা দিয়ে নতুন কপি সংগ্রহ করতে হবে। স্কুলগুলিও নিজেদের লগইন আইডি ব্যবহার করে ওয়েবসাইট থেকে সংশ্লিষ্ট পড়ুয়াদের ফলাফলের পিডিএফ ডাউনলোড করতে পারবে।
মাধ্যমিকে এ বছর মোট পরীক্ষার্থী ছিলেন ৯ লক্ষ ৬৯ হাজার ৪২৫ জন। কৃতকার্যদের স্ক্রুটিনির জন্য প্রতি বিষয়ে ৮০ টাকা এবং অকৃতকার্যদের রিভিউয়ের জন্য প্রতি বিষয়ে ১০০ টাকা ফি ধার্য করা হয়েছিল। রেজাল্ট প্রকাশের পর কেউ যদি ফল নিয়ে অসন্তুষ্ট থাকেন, এই স্ক্রুটিনি ও রিভিউই তাঁদের জন্য একমাত্র ভরসা।
