১৭ জুন, মঙ্গলবার, কানাডায় অনুষ্ঠিত G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সৌজন্য সাক্ষাৎ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। দু’জনের হাত মেলানোর ছবি পোস্ট করেছেন মেলোনি নিজে, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে এবং ফের শুরু হয়েছে ‘Melodi’ ট্রেন্ড।
সামিটের সাইডলাইনে দুই নেতার হাস্যোজ্জ্বল সাক্ষাৎ এবং সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ‘মেলোদি’ শব্দটি ফের চর্চায় উঠে এসেছে।
মঙ্গলবার সকালে সাইপ্রাস থেকে কানাডায় পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তাঁকে স্বাগত জানান কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। পরে তিনি দ্বিপাক্ষিক বৈঠকে বসেন বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে। এই প্রসঙ্গেই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে তাঁর হালকা-মেজাজের সাক্ষাৎ ঘটে।
ইতালির প্রধানমন্ত্রী নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মোদির সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, Italy and India, bound by a great friendship তারই প্রতিক্রিয়ায় মোদি লেখেন, Fully agree with you, PM Giorgia Meloni. India’s friendship with Italy will continue to get stronger, greatly benefitting our people!
এই পোস্টের পরেই সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে ‘Melodi’ মিম ও মন্তব্যে। এর আগেও ২০২৩-এ ভারতের G20 সম্মেলন, COP28-এ দুবাই, এবং ইতালির G7 সম্মেলনে মোদি-মেলোনির মধুর মুহূর্ত নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছিল।
সম্প্রতি জেরোধা সহ-প্রতিষ্ঠাতা নিখিল কামাথের পডকাস্টে মোদিকে ‘মেলোদি’ মিম নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ও তো চ’লতেই থাকে’।
রাজনৈতিক আলাপ ও দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি মোদি-মেলোনির ব্যক্তিগত রসায়নও এখন কূটনৈতিক মহলে এক আকর্ষণীয় দৃষ্টান্ত। সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্ত হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু।
