‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিদেশের মাটিতে মোদী সরকারের প্রশংসা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেশে ফিরেই ‘ইউ টার্ন’! পাঁচ প্রশ্নে বিদ্ধ করেছেন মোদী সরকারকে। আর এতেই অবাক জেডিইউ সাংসদ সঞ্জয় ঝা। তাঁর কথায়, “তিনি (পড়ুন- অভিষেক বন্দ্যোপাধ্যায়) যে পাঁচ জায়গায় গিয়েছিলেন, সেখানে ‘অপারেশন সিঁদুরে’র সাফল্যের কথাই তো তুলে ধরেছেন। সরকারের প্রশংসাও করেছেন। তাহলে দেশে ফিরেই হঠাৎ এমন মন্তব্য কেন?”
জম্মু-কাশ্মীরের পহেলগাঁও হামলার পরে পাকিস্তানের মাটিতে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারত। একের পর এক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় সেনা। সন্ত্রাসবাদ ইস্যুতে বিশ্বের সামনে পাকিস্তানের মুখোশ খুলতে বিশ্বের একাধিক দেশে সর্বদলীয় প্রতিনিধি পাঠায় কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে ‘অপারেশন সিঁদুর’ কেন প্রয়োজন ছিল তা তুলে ধরাও ছিল সেই দলের অন্যতম লক্ষ্য। বিস্তর টানাপড়েনের পর সেই দলে যেতে সম্মত হন অভিষেক। জাপান, দক্ষিণ কোরিয়া-সহ একাধিক দেশে যান তাঁরা।
প্রতিনিধি দলে জেডিইউ সাংসদ সঞ্জয় ঝা, প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিদেশমন্ত্রী সলমন খুরশিদ, বিজেপি সাংসদ ব্রিজলাল, সিপিএম সাংসদ জন ব্রিটাস-সহ আরও অনেকে ছিলেন। বিদেশের মাটিতে সন্ত্রাসবাদ ইস্যুতে অভিষেক যে ভাবে বক্তব্য রাখেন, তা ছিল নজরকাড়া। শুধু তাই নয়, তাঁর শব্দচয়ন থেকে বাচনভঙ্গি— প্রশংসা পেয়েছে। সেই অভিষেকই দেশে ফিরে পাঁচ প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন কেন্দ্রের মোদী সরকারের দিকে। তার মধ্যে অন্যতম প্রশ্ন, যে দেশগুলিতে তাঁরা সফর করলেন, তারা কেন খোলাখুলি ভাবে ভারতের পাশে দাঁড়াল না?
নিজের এক্স হ্যান্ডলে অভিষেক প্রশ্ন তুলেছেন, ‘৩৩টি দেশের কাছে পৌঁছানোর পর কত জন ভারতকে স্পষ্ট সমর্থন জানিয়েছে?’ শুধু তাই নয়, আইএমএফ এবং বিশ্বব্যাঙ্ক থেকে কী ভাবে পাকিস্তান ঋণ পেল তা নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূলের ‘সেকেন্ড ইন কমান্ড’। পাশাপাশি ঘটনার প্রায় ৫৫ দিন পেরিয়ে গেলেও এখন কেন পহেলগামের জঙ্গিদের একজনকেও ধরা গেল না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন। সেই সঙ্গে জুড়ে দিয়েছেন, এমন একটি হামলার পরেও কী ভাবে আইবি প্রধানের মেয়াদ এক বছর বাড়ানো হল?
বুধবার তৃণমূল একটি ভিডিও পোস্ট করেছে। যেখানে এই পাঁচটি প্রশ্ন তোলা হয়েছে। বিশেষ করে জঙ্গি অনুপ্রবেশ কী ভাবে হল? ২৬ জন মানুষকে মেরে চার জঙ্গি কোথায় গেল? এমনই একাধিক প্রশ্ন তোলা হয়েছে। এটা দেখেই অবাক এনডিএ-র অন্যতম শরিক নিতিশ কুমারের দলের সাংসদ সঞ্জয়। তিনি কিছুতেই বুঝে উঠতে পারছেন না, যে অভিষেক দুনিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশের রাজধানীতে গিয়ে মোদী সরকারের গুণগান করে এলেন, তিনি কী করে দেশে ফিরে তারই সমালোচনা করতে পারেন! রাজনৈতিক পর্যবেক্ষকদের একটি অংশের ব্যাখ্যা, সঞ্জয় খুব ভাল করে জানেন, বিরোধী দলের নেতারা বিদেশে গিয়ে মোদী সরকারের পাশে দাঁড়ালেও, দেশের মাটিতে দাঁড়িয়ে সেটা তারা করবেন না। কারণ, বিরোধীদের মূল রাজনৈতিক লড়াই মোদীর বিরুদ্ধেই। তৃণমূলের দাবি, সেটা জেনেই অবাক হওয়ার ভান করছেন মোদীর জোটসঙ্গী সঞ্জয়। রাজনীতিতে যার নিদর্শন বহু।
