সাহিত্য অ্যাকাডেমির শিশু সাহিত্য পুরস্কার ২০২৫’-এর জন্য নির্বাচিত লেখকদের তালিকা ঘোষণা করল সাহিত্য ও সংস্কৃতির শীর্ষ প্রতিষ্ঠান সাহিত্য অ্যাকাডেমি। ২৪টি ভাষায় নির্বাচিত ২৪ জন লেখকের মধ্যে বাংলা ভাষা থেকে নির্বাচিত হয়েছেন লেখক ত্রিদিব চট্টোপাধ্যায়। তাঁর লেখা ‘এখনও গায়ে কাঁটা দেয়’ শিরোনামের গ্রন্থের জন্য এই স্বীকৃতি পাচ্ছেন তিনি।
সাহিত্য অ্যাকাডেমির সভাপতি মাধব কৌশিকের সভাপতিত্বে আয়োজিত নির্বাহী পর্ষদের বৈঠকে এই পুরস্কার ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিত বইগুলোর মধ্য থেকে বাছাই করে এই পুরস্কার দেওয়া হয়েছে বলে খবর। প্রতিটি ভাষার জন্য তিন সদস্যের জুরি বোর্ডের সুপারিশের ভিত্তিতেই এই চূড়ান্ত তালিকা তৈরি হয়।
বাংলা ভাষার জুরি বোর্ডে ছিলেন, সাহিত্যিক ও শিক্ষাবিদ পবিত্র সরকার, বিশিষ্ট সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় ও লেখক কাজী মুর্শিদুল আরেফিন। তাঁদের সম্মিলিত মতামতের ভিত্তিতে নির্বাচিত হয়েছে ত্রিদিব চট্টোপাধ্যায়ের নাম। পুরস্কার হিসাবে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে একটি খোদাই করা তামার ফলক এবং ৫০,০০০ টাকা নগদ। পরবর্তীতে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার প্রদান করা হবে। প্রসঙ্গত, পুরস্কারের তামার ফলকটির ডিজাইন করেছিলেন বাঙালি চিত্র পরিচালক সত্যজিৎ রায়।
ত্রিদিব চট্টোপাধ্যায়ের ‘এখনও গায়ে কাঁটা দেয়’ গল্পগ্রন্থের জন্য সাহিত্য অ্যাকাডেমির শিশু সাহিত্য পুরস্কার পাওয়ার খবর আসতেই, শুভেচ্ছা বার্তা পাচ্ছেন তিনি। তাঁর লেখায় গল্প মানেই শিহরণ জাগে, তেমনি কিশোর পাঠকদের মনে জন্ম দেয় চিন্তার আলো।
