জাতীয় সড়কে যানবাহন চলাচলে আরও মসৃণ করতে উদ্যোগী কেন্দ্র। ফাস্ট্যাগের নিয়মে বড়সড় বদল আনতে চলেছে সরকার। এ বার থেকে বারে বারে রিচার্জ না করে এককালীন টাকা দিয়ে সারা বছর ফাস্ট্যাগ পরিষেবা পাওয়া যাবে। বুধবার এমনই ঘোষণা করেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গড়কড়ি।
মাত্র ৩ হাজার টাকা দিয়েই এ বার বার্ষিক পাসের সুবিধা মিলবে ফাস্ট্যাগে। আগামী ১৫ অগাস্ট থেকে এই পরিষেবার সূচনা করতে চলেছে কেন্দ্র। তবে এই নিয়ম কেবল প্রাইভেট ও অবাণিজ্যিক যানবাহনের ক্ষেত্রেই কার্যকরী হবে। পণ্যবাহী গাড়িগুলির ক্ষেত্রে তা কার্যকর হবে না। ৩ হাজার টাকা রিচার্জ করে এক বছর আর রিচার্জ করতে হবে না। এর মধ্যে সর্বাধিক ২০০ বার দেশের যে কোনও টোলপ্লাজায় ফাস্ট্যাগের পাস ব্যবহার করা যাবে। এক বছরের আগেই ২০০ বার পাস ব্যবহার করে ফেললে ফের তা রিচার্জ করতে হবে।
রাজমার্গ যাত্রা অ্যাপ, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI)-এর ওয়েবসাইট ও কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের ওয়েবসাইটে লিঙ্কে ক্লিক করে ৩ হাজার টাকার ফাস্ট্যাগ পাস অ্যাক্টিভেট করতে পারবেন গ্রাহকরা। এতদিন ফাস্ট্যাগ ব্যবহার করে টোলপ্লাজায় দাঁড়ানোর সময় কমে এসেছিল। এ বার তা আরও কমতে চলেছে।
৬০ কিমি ব্যবধানের মধ্যে টোল প্লাজাগুলিতে দাঁড়িয়ে টোল বাবদ টাকা দেওয়ার দরকার পড়বে না। যার ফলে হাইওয়ে দিয়ে যাত্রা আরও মসৃণ হবে। টোল প্লাজাগুলিতে দীর্ঘক্ষণ অপেক্ষাও করতে হবে না। ফেঁসে থাকতে হবে না যানজটেও। এমনকি, টোল সংগ্রহ করা নিয়ে কোনও বচসার সৃষ্টিও হবে না বলেই মনে করছে কেন্দ্র। কম খরচে হাইওয়েতে সহজেই গাড়ি নিয়ে যাতায়াত করা যাবে।
