মুকুল রায় এবং মমতাকে জড়িয়ে কার্টুন আঁকার ‘অপরাধে’ গ্রেফতার হতে হয় অম্বিকেশ মহাপাত্রকে। যদিও সেই ঘটনায় আদালতের প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্য প্রশাসনকে। এমনকী এরপরেও একাধিক ঘটনায় আদালতের তোপের মুখে পড়তে হয়েছে সরকারকে। এরপরেও কার্টুনে আপত্তি বাংলার পুলিশের। আর এই মর্মে MANJULtoons নামে এক কার্টুনিস্টের আঁকা ছবি সরাতে বলে এক্সকে চিঠি দিল পুলিশের সাইবার ক্রাইম। তাও আবার কিনা সেই ছবি আঁকা ছয় বছর আগে। পুলিশের এহেন আচরণ ঘিরেই ফের উঠছে প্রশ্ন।
MANJULtoons একজন এডিটোরিয়াল কার্টুনিস্ট। একাধিক সংবাদমাধ্যমের জন্য কার্টুন এঁকে থাকেন। এমনই বছর ছয় আগে এক সংবাদপত্রের জন্য আঁকা ছবিতে আপত্তি পুলিশের। MANJUL নামে ওই পেজে এক্সের পাঠানো ইমেলের কপি তুলে ধরা হয়েছে। যেখানে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশের তরফে তাদের একটি বার্তা দেওয়া হয়েছে, যেখানে MANJULtoons-এর পোস্ট করা কনটেন্ট ভারতের আইনকে লঙ্ঘন করছে বলে দাবি করা হচ্ছে।
আর সেই পোস্ট করে MANJULtoons-এর দাবি, বিজেপির থেকে মমতা কখনওই আলাদা নয়। আর এটাই তার প্রমাণ বলে বার্তা ওই কার্টুনিস্ট। কোন দুটি পোস্ট নিয়ে পুলিশের আপত্তি তাও নতুন করে সোশ্যাল মিডিয়া এক্সে শেয়ার করেছেন তিনি। যার মধ্যে একটি ২০১৯ সালের ২৮ মে পোস্ট করা। যেটি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। ১৯-এর লোকসভা নির্বাচনের সময়ে শাসকদলের ভাঙন এবং মমতার দুশ্চিন্তার বহিঃপ্রকাশ ওই কার্টুনে দেখা যাচ্ছে।
২০১৯ সালের ১৫ মে’তে MANJULtoons এর পেজে পোস্ট করা আরও একটি কার্টুনকে নিয়েও আপত্তি। ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমের জন্যেই সেটি তৈরি করেছিলেন ওই কার্টুনিস্ট। আর সেগুলি তুলে ধরেই তাঁর দাবি, বিজেপি হোক কিংবা তৃণমূল, দুজনের আদতে সমান। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি কার্টুন ছাপাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। এমনকী তামিলনাড়ুর একটি সাপ্তাহিক পত্রিকার ওয়েবসাইট ব্লক করে দেওয়ার অভিযোগ সামনে আসে।
আমেরিকা থেকে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর সময় সবার হাতে হাতকড়া ছিল। তার নিন্দা জানাতে গিয়ে ট্রাম্পের পাশে মোদী বসে রয়েছেন, এমন একটি কার্টুন ওই পত্রিকায় ছাপা হয়। সেখানে মোদীর হাতে পায়ে শিকল বাঁধা রয়েছে। যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। এরপরেই MANJULtoons=-কে এক্সের বার্তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
