সুদীপ্ত চট্টোপাধ্যায়
ফের ভোটের লাইনে দাঁড়াতে চলেছে নদিয়ার কালীগঞ্জ। বৃহস্পতিবার সকাল সাতটা থেকে সন্ধ্যে ছ’টা পর্যন্ত চলবে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন। আগামী ২৩ জুন এই উপনির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। মোট ৩০৯ টি বুথে আড়াই লক্ষেরও বেশি ভোটার এবার কালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে ভোটদান করবেন। উল্লেখযোগ্য, এই উপনির্বাচনকে কেন্দ্র করে নজিরবিহীনভাবে ভোটার তালিকা নতুন ভাবে সংশোধন করে নির্বাচন কমিশন। মৃত ভোটার স্থান পরিবর্তন ও ডুপ্লিকেট এপিক কার্ড সহ নানা কারণে এই উপনির্বাচনে ৫৮৪০ জন ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি ভোটার তালিকায় নতুনভাবে যুক্ত হয়েছে ৩৬৩২ জন ভোটারের নাম। কালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে নদীয়ার ইতিহাস কে ফুটিয়ে তুলে একটি মডেল বুথ দুটি মহিলা বুথ এবং বিশেষ উপায়ে শারীরিকভাবে সক্ষম ব্যক্তিদের দ্বারা পরিচালিত একটি বিশেষ বুথ তৈরি করেছে নির্বাচন কমিশন। গণতান্ত্রিক পরম্পরা ও সাংবিধানিক অধিকার রক্ষার তাগিদে ভোটাধিকার প্রয়োগের মতো নির্বাচনী গণতান্ত্রিক ব্যবস্থাকে স্বচ্ছ নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন।
ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে এই উপনির্বাচনকে মহড়া হিসেবে ধরে নিয়ে একাধিক নির্বাচনী সংস্কারমুলক পদক্ষেপ করা হয়েছে। মূলত
নির্বাচন কমিশনের স্বচ্ছ্বতা, নিরপেক্ষতা ও দক্ষতাকে ঝালিয়ে নেওয়ার অ্যাসিড টেস্ট হিসেবেই কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনকে ধরে নেওয়া হয়েছে।
এই উপনির্বাচনে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের আধিকারকে সুরক্ষিত করতে যেমন ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে কালীগঞ্জে তেমনি বুথের ভিতরে ও বাইরে লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থাও করা হয়েছে। এবারই প্রথম ভোটের লাইন কাজে রাজ্য পুলিশের পরিবর্তে কাজে লাগানো হবে এনসিসি ক্যাডেট ও স্কাউটদের। ভোটের বুথের ভিতর মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না ভোটাররা। ভূতের বাইরে ভোটারদের মোবাইল সুইচ অফ মোডে সংরক্ষণের ব্যবস্থা থাকছে এবারে নির্বাচনে। ভোটের অশান্তির প্রকৃত তথ্য পেতে কুইক রেসপন্স টিম ও কেন্দ্রীয় বাহিনীর গাড়ির মাথায় বিশেষ ক্যামেরা লাগানোর ব্যবস্থা করা হয়েছে। এই উপ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের দিকে যাতে কোনোভাবেই কোন রাজনৈতিক দল থেকে সাধারণ ভোটাররা আঙ্গুল তুলতে না পারেন সেদিকে সতর্ক ও সজাগ থেকেই বৃহস্পতিবার দিনভর কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোটের কাজে তদারকি করবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকার দপ্তর।
