আইএসএল কি বন্ধ হতে বসল? এই প্রশ্ন তুলে দিয়েছে ভারতে ফুটবলের নিয়ামক সংস্থা এআইএফএফ-এর বাৎসরিক সূচি। কারণ তাতে আইএসএলের জন্য কোনও সময় রাখা হয়নি। আরও স্পষ্ট করে বললে, এআইএফএফ-এর ২০২৫-২৬ ক্যালেন্ডারে আইএসএফের নামগন্ধ নেই।
ভারতীয় ফুটবলে বড়সড় ধোঁয়াশা। দেশের সবচেয়ে জনপ্রিয় ফুটবল লিগ—ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)—২০২৫-২৬ মরসুমের ফুটবল ক্যালেন্ডার থেকে বাদ পড়ল। অনেকেই মনে করেন, ২০১৪ সাল থেকে চালু হওয়া এই টুর্নামেন্ট দেশের ফুটবলকে নতুন দিশা দিয়েছিল, কিন্তু এ বার তার ভবিষ্যৎ নিয়েই উঠছে প্রশ্ন। মূল সমস্যা, ‘মাস্টার রাইটস এগ্রিমেন্ট’ বা এমআরএর মেয়াদ শেষ হওয়াকে কেন্দ্র করে। ২০১০ সালে ১৫ বছরের জন্য চুক্তি হয়েছিল। সেই অনুযায়ী লিগের বাণিজ্যিক পার্টনার প্রতি বছর নির্দিষ্ট টাকা বা মোট আয়ের একটি নির্দিষ্ট শতাংশ ফুটবল ফেডারেশনকে প্রদান করত। চুক্তি শেষ হবে ২০২৫ সালের ডিসেম্বরে। কিন্তু এখনও পর্যন্ত তার নবীকরণ বা ভবিষ্যৎ নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এই পরিস্থিতিতে ফেডারেশন চায় না ঝুঁকি নিতে। সূত্র বলছে, চূড়ান্ত আইনি রায় না আসা পর্যন্ত তারা আইএসএল শুরু না করার পক্ষে। ইতিমধ্যে লিগ কর্তৃপক্ষ একাধিক ক্লাব মালিককে ব্যক্তিগত ভাবে সাক্ষাৎ করে জানিয়ে দিয়েছে, পরিস্থিতি স্পষ্ট না হলে পরবর্তী মরসুম শুরু করা হবে না।
এ অবস্থায় গোটা দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে ছড়িয়ে পড়েছে উদ্বেগ। একটা সময় ছিল যখন আইএসএল ঘিরে দেশজুড়ে তৈরি হত উন্মাদনা, বিদেশি তারকা ও ঘরোয়া প্রতিভার মিশেলে জমজমাট হত ফুটবল মরসুম। সেই লিগই যদি একেবারে বাতিল হয়ে যায়, তাহলে ভারতীয় ফুটবল আবারও পিছিয়ে পড়বে অনেকটা। এখন নজর সর্বোচ্চ আদালতের দিকে—সেখান থেকেই হয়ত খুলবে দেশের ফুটবলের জনপ্রিয় লিগ শুরুর দরজা।
