ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য নিজের পছন্দের ভারতীয় একাদশ ঘোষণা করলেন প্রাক্তন অধিনায়ক অজিঙ্ক্য রহানে। তার একাদশে জায়গা পাননি অভিজ্ঞ ব্যাটার করুন নায়ার এবং পেসার প্রসিধ কৃষ্ণ। এই সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট মহলে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে।
রহানে জানান, ভবিষ্যতের দিকে তাকিয়েই তিনি দলে কিছু নতুন মুখকে জায়গা দিয়েছেন। সাই সুধর্ষণ, ধ্রুব জুরেল এবং আরশদীপ সিং-এর মতো তরুণদের সুযোগ দেওয়া হয়েছে, যারা সম্প্রতি ঘরোয়া ক্রিকেট এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নজর কেড়েছেন।
করুন নায়ার সম্প্রতি প্র্যাকটিস ম্যাচে ডাবল সেঞ্চুরি করেন এবং ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফর্ম করছেন। তা সত্ত্বেও তাকে উপেক্ষা করায় অনেকেই রহানের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। রহাণে অবশ্য স্পষ্ট করে বলেছেন, “আমি চাই তরুণরা আন্তর্জাতিক মঞ্চে সুযোগ পাক, তারা নিজেদের মেলে ধরুক। অভিজ্ঞতা সবসময় দরকার হয় না, কখনও কখনও তরতাজা শক্তিই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে।”
তিনি আরও বলেন, সাই সুধর্ষণের ফর্ম, ধ্রুব জুরেলের ব্যাটিং টেম্পারামেন্ট এবং আরশদীপ সিং-এর পেস ভেরিয়েশন তাকে মুগ্ধ করেছে। এই তিন জনকে তিনি ভবিষ্যতের মূল স্তম্ভ হিসেবে দেখছেন।
রহানের বেছে নেওয়া একাদশে রয়েছেন: ইয়াসস্বি জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুধর্ষণ, শুবমান গিল (অধিনায়ক), ধ্রুব জুরেল, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ ও আরশদীপ সিং।
ভারতীয় দলের এই নতুন গঠন কতটা সফল হয়, এখন সেটাই দেখার। তবে রহানের এই সাহসী সিদ্ধান্ত যে বিতর্কের জন্ম দেবে, তা নিশ্চিত।
