হানিমুনে শিলং গিয়ে পরিবহণ ব্যবসায়ী রাজা রঘুবংশীর খুনের মামলায় নয়া মোড়! উঠে এল সমকাম তত্ত্ব ! ইতিমধ্যেই রাজার স্ত্রী সোনম রঘুবংশী এবং তাঁর প্রেমিক রাজ কুশওয়াহা পুলিশ হেফাজতে রয়েছেন। বৃহস্পতিবার সোনম ও রাজের পুলিশি হেফাজতের মেয়াদ আরও দু’দিন বাড়িয়েছে মেঘালয়ের আদালত। শুধু তাই নয়, মামলার বাকি তিন অভিযুক্ত আকাশ রাজপুত, বিশাল সিং চৌহান ও আনন্দকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
এই ঘটনার প্রেক্ষিতে বিস্ফোরক দাবি রাজা রঘুবংশীর পারিবারিক জ্যোতিষী পণ্ডিত অজয় দুবের। তাঁর মতে, সোনম রঘুবংশীর একটি মেয়ের সঙ্গে সমকামী সম্পর্ক থাকতে পারে। আর রাজা রঘুবংশীর পরিবারের দাবি, এই জ্যোতিষীর আগের ভবিষ্যদ্বাণীগুলিও সত্য বলে প্রমাণিত হয়েছিল। রাজার পরিবারের দাবি, তাঁদের পারিবারিক জ্যোতিষীর বহু ভবিষ্যদ্বাণীই আগে মিলেছে। রাজা-সোনমের বিয়ের আগে, তাঁদের কুন্ডলি মিলিয়েছিলেন অজয় দুবে। তখন কিছু প্রশ্নের উত্তর দিয়েছিলেন তিনি। যে গুলি পরবর্তীতে ঠিক বলে প্রমাণিত হয়েছে বলে দাবি পরিবারের।
রাজার পরিবারের পক্ষ থেকে জ্যোতিষীকে প্রশ্ন করা হয়েছিল, রাজা তো খুন হয়ে গেল, কিন্তু সোনম কোথায়? জ্যোতিষী উত্তর দিয়েছিলেন, সোনম জীবিত এবং নিরাপদে রয়েছেন। এ ছাড়াও সোনম কোথায়, তা জানতে চাইলে জ্যোতিষী বলেছিলেন, “উত্তর দিকে।” এমন কি এই খুনের সঙ্গে কারা যুক্ত জানতে চাইলে জ্যোতিষী নাকি উত্তর দিয়েছিলেন, ‘তিন থেকে চার জন এবং এক মহিলা।’ সেই মহিলার নাম জানতে চাইলে জ্যোতিষী সোনমের নাম করেন। এ বার সেই জ্যোতিষীর মন্তব্যই উঠে এল সোনমের সমকামী সম্পর্কের কথা।
পণ্ডিত অজয় দুবের দাবি, এই খুনের ঘটনায় আরও এক মহিলার যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, সেই দ্বিতীয় মহিলার নাম পরিচয় দ্রুত সামনে আসবে। সম্ভবত সে সোনমের বান্ধবী। তিনি আরও বলেন, “সোনমের কুন্ডলি বলছে, সে মেয়েদের প্রতিও আকৃষ্ট। তার ওই বান্ধবীর সঙ্গে সমলিঙ্গ সম্পর্ক থাকতে পারে। এই তথ্য কুন্ডলি বিশ্লেষণের ভিত্তিতে উঠে এসেছে।”
পণ্ডিত দুবে আরও দাবি করেন, সোনমের পরিবার বিয়ের সময় কুন্ডলির গুরুত্বপূর্ণ তথ্য, বিশেষ করে ‘মৃত্যু যোগ’-এর বিষয়টি গোপন করে গিয়েছিল। তিনি বলেন, “যদি রঘুবংশী পরিবার মৃত্যুযোগের কথা জানত, তবে সময়মতো প্রতিকার নেওয়া যেত এবং হয়তো রাজার মৃত্যু এড়ানো যেত।” এবার প্রশ্ন উঠছে, সোনমের সেই বান্ধবীর পরিচয় নিয়ে!
