মমতার পাড়ায় ধুন্ধুমার! ভবানিপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করার কথা ছিল রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। বাইকে চেপে সেখানে মালা দেন সুকান্ত। কিন্তু গোলমাল শুরু তার পর। প্রতিবাদী চিকিৎসক রজতশুভ্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে চলে যান সুকান্ত। পুলিশ জানায় ডাক্তারবাবু বাড়ি নেই। সেই সময় বিজেপির জারি করা ভিডিয়োয় দেখা যায়, দিব্য বাড়িতে সময় কাটাচ্ছেন রজতশুভ্র। এর জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গোলমালের মধ্যেই রজতশুভ্র বাড়ি থেকে বেরিয়ে চলে আসেন। রাস্তায় সাক্ষাৎ হয় সুকান্তর সঙ্গে। সেখানেই দুজনকে আটক করে পুলিশ। টেনে তোলা হয় ভ্যানে। সোজা নিয়ে যাওয়া হয় লালবাজার।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইংল্যান্ডের কেলগ কলেজে গিয়েছিলেন। সেখানে বক্তৃতা করার সময় চিকিৎসক রজতশুভ্র তাঁকে আরজি কর নিয়ে প্রশ্ন করেছিলেন। বিজেপির অভিযোগ, তারপর থেকেই তৃণমূল ওই প্রতিবাদী ডাক্তারের পিছনে পড়ে গিয়েছে। সম্প্রতি তাঁর সঙ্গে দেখা করার কথা জানান সুকান্ত। দিন বাছা হয় শুক্রবার।
জানা গিয়েছে, শ্যামাপ্রসাদের মূর্তিতে মালা দিয়ে হরিশ মুখার্জি রোডে চিকিৎসক রজতশুভ্রের বাড়ি যাওয়ার ইচ্ছেপ্রকাশ করেন সুকান্ত। কিন্তু অভিযোগ, পুলিশ তাঁকে বাঁধা দেয়। বাধা অগ্রাহ্য করে হাঁটতে হাঁটতে এগিয়ে যান সুকান্ত। সঙ্গে বহু কর্মী-সমর্থক। গোলমালের আশঙ্কায় পুলিশ সুকান্তকে চিকিৎসক রজতশুভ্রের বাড়ির আগেই আটকে দেয়। বিজেপির দাবি, পুলিশ তাদের জানায়, চিকিৎসক রজতশুভ্র এখন বাড়িতে নেই। এর কিছুক্ষণের মধ্যেই বিজেপি একটি ভিডিয়ো জারি করে। তাতে দেখা যায় রজতশুভ্র নিজের বাড়িতেই আছেন। এতে উত্তেজনা বাড়ে। পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন সুকান্ত। এমন সময় দেখা যায়, বাড়ি থেকে বেরিয়ে সুকান্তর সঙ্গে দেখা করতে হাঁটতে হাঁটতে এগিয়ে আসছেন চিকিৎসক রজতশুভ্র। রাজ্য বিজেপির সভাপতির সঙ্গে তাঁর দেখা হয় মাঝরাস্তায়। দু’জনে কিছুক্ষণ কথা বলার পর হাঁটা শুরু করতেই দু’জনকে ভ্যানে তুলে নেয় পুলিশ। এতে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিও শুরু হয়ে যায়। এই গোলমালের মধ্যেই সুকান্ত এবং চিকিৎসক রজতশুভ্রকে নিয়ে লালবাজারের দিকে রওনা দেয় পুলিশের গাড়ি।
