কথায় বলে শখের দাম লাখ টাকা, কিন্তু তাই বলে ১৪ লাখ? সেই কথাই যেন প্রমাণ করে দিলেন, হিমাচল প্রদেশের হামিরপুর জেলার বাসিন্দা সঞ্জীব কুমার। সম্প্রতি তিনি একটি নতুন স্কুটার কিনেছেন। তার দাম ১ লাখ টাকা। কিন্তু সেই স্কুটারের জন্য ভিআইপি ফ্যান্সি নম্বর কিনতে তিনি যা খরচ করেছেন, শুনলে চোখ উঠবে কপালে। শখ পূরণ করতে খরচ করেছেন ১৪ লাখ। এমন অদ্ভুত কাণ্ড দেখে এলাকার লোকজন তো অবাক!
জানা গিয়েছে, সঞ্জীব কুমার নামক ওই ব্যক্তি হিমাচল প্রদেশ ট্রান্সপোর্ট দফতরের অনলাইনে আয়োজিত নিলামে অংশ নিয়ে ‘HP21C-0001’ নম্বর প্লেটটি কেনেন ১৪ লাখ টাকার সর্বোচ্চ বিড দিয়ে। এই নিলামে অংশ নিয়েছিলেন মাত্র দুইজন ব্যক্তি। সোলনের বদ্দি এলাকার এক ব্যক্তি ১৩.৫ লাখ পর্যন্ত বিড করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সঞ্জীব কুমার ১৪ লাখ টাকার বিড করে এই নম্বরটি জিতে নিন।
সূত্রের খবর , নিলাম থেকে প্রাপ্ত পুরো অর্থ হিমাচল প্রদেশের রাজ্য সরকারের কোষাগারে জমা হয়েছে। বলাই বাহুল্য, কোনও অতিরিক্ত খরচ ছাড়াই বাড়ল সরকারের রাজস্ব। পরিবহণ দফতরের মতে, রাজ্যে কোনো দুই চাকার গাড়ির জন্য এটি হল, সর্বোচ্চ দামে বিক্রি হওয়া রেজিস্ট্রেশন নম্বর। সঞ্জীব কুমার জানিয়েছেন, তাঁর ফ্যান্সি বা বিশেষ নম্বর জমানোর শখ অনেক দিনের। নতুন স্কুটারের জন্যও তিনি এমন একটি ইউনিক নম্বর চেয়েছিলেন। তিনি বলেন, “শখের কোনও দাম হয় না। যখন আপনি ব্যতিক্রমী কিছু চান, তখন টাকা দেখলে চলে না।”
সঞ্জীবের ছেলে দিনেশ কুমার জানিয়েছেন, “আমরা অনলাইনে আবেদন করেছিলাম। একজন প্রতিদ্বন্দ্বী ছিলেন, কিন্তু আমরা সর্বোচ্চ বিড দিয়ে নম্বরটা পেয়ে গেছি।” এখন নেট মাধ্যমে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে এমন ১৪ লাখের শখ পূরণের কাণ্ড। কেউ কেউ বলছেন, “শুধু শখ নয়, এটা তো পাগলামির পর্যায়ে পড়ে!” তবে সঞ্জীববাবুর মতে, “জীবনে যদি কিছু আলাদা করতে হয়, তবে ভাবনাটাও হতে হবে আলাদা।” তাই বলে, ১ লাখ টাকার স্কুটারের জন্য ১৪ লাখ টাকায় ভিআইপি নম্বর প্লেট?
