মোদীর সঙ্গে সাক্ষাতের পরেই উদ্যোগ! অবশেষে ভারতের বাজারে পা রাখতে চলেছে ইলন মাস্কের বিশ্বখ্যাত ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারক সংস্থা টেসলা। জানা গিয়েছে যে, মুম্বইয়ে কোম্পানির প্রথম শোরুম খুলতে চলেছে। ব্লুমবার্গ নিউজের রিপোর্ট বলছে আগামী মাসেই শোরুম খোলার সিদ্ধান্ত নিয়েছে টেসলা। এর মাধ্যমে ভারতের তৃতীয় বৃহত্তম গাড়ির বাজারে ব্যবসার প্রসার ঘটাতে চলেছে ইলন মাস্কের নেতৃত্বাধীন সংস্থা টেসলা।
প্রথম ব্যাচের গাড়ি হিসেবে টেসলা চিনের সাংহাই কারখানায় তৈরি ‘মডেল ওয়াই’ রিয়ার-হুইল-ড্রাইভ এসইউভি ভারতে পাঠিয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যেই মুম্বই বন্দরে এসে পৌঁছেছে পাঁচটি গাড়ি।প্রতিটি গাড়ির দাম ধরে নেওয়া হচ্ছে ২৭.৭ লাখ টাকা। তার উপরে ৭০ শতাংশ আমদানি শুল্ক ও অন্যান্য চার্জ মিলিয়ে প্রায় ২১ লাখ টাকা অতিরিক্ত দিতে হয়েছে বলে জানা গিয়েছে। তাই অনুমান করা হচ্ছে, টেসলার গাড়িগুলোর আমদানি খরচের পর ভারতীয় বাজারে ৫৬ হাজার মার্কিন ডলার বা তার বেশি দামে, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৪৬-৪৮ লাখ টাকা বা তার বেশি দামে বিক্রি হতে পারে।
শুধু মুম্বইতে নয়, দিল্লিতেও আসছে টেসলার পরবর্তী শোরুম। এরই মাঝে আমেরিকা, চিন ও নেদারল্যান্ডস থেকে চার্জার, এক্সেসরিজ, স্পেয়ার পার্টস এবং মার্চেন্ডাইজ পণ্য আমদানি করেছে টেসলা। ভারতীয় গ্রাহকদের জন্য টেসলার এই সিদ্ধান্ত যুগান্তকারী হলেও, দামের নিরিখে দেখতে গেলে, এখনই সবার নাগালের মধ্যে এই গাড়ি আসবে না।
ফেব্রুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইলন মাস্কের সাক্ষাৎ হয়। আর তার পরেই এই উদ্যোগ নিয়েছে মাস্কের সংস্থা টেসলা। বহু বছর ধরে ভারতের বাজারে প্রবেশ নিয়ে টেসলা ও সরকারের মধ্যে আলোচনা চলছিল। মূলত শুল্ক এবং স্থানীয় উৎপাদন নিয়ে দ্বিমতের জন্য বিষয়টি আটকে ছিল। এবার তার অবসান ঘটে ভারতের বাজারে আসছে টেসলার এসইউভি!
