আহমেদাবাদে বিমান দুর্ঘটনার জের। এবার এয়ার ইন্ডিয়ার তিন উচ্চপদস্থ আধিকারিককে কাজ থেকে বহিষ্কারের নির্দেশ দিল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন ওরফে ডিজিসিএ। বিমানের ক্রু সদস্যদের পরিচালনায় লাগাতার বেনিয়ম-সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। তিন আধিকারিককে বহিষ্কার করে অবিলম্বে ব্যবস্থা নিতে এয়ার ইন্ডিয়াকে নির্দেশ উড়ান নিয়ন্ত্রক সংস্থার।
সূত্রের খবর, শুক্রবারের ওই নির্দেশিকায় ডিজিসিএ আরও জানিয়েছে, তিন আধিকারিকের বিরুদ্ধে অবিলম্বে অভ্যন্তরীণ তদন্ত শুরু করে ১০ দিনের মধ্যে সেই রিপোর্ট জমা দেবে এয়ার ইন্ডিয়া। বিমান পরিচালনার সঙ্গে জড়িত নয়, এমন কাজে ওই তিন শীর্ষ আধিকারিককে পুনর্বহাল করা হবে। যদিও তিন আধিকারিকের নাম পরিচয় জানা যায়নি। তবে বিমানের সুরক্ষা সম্পর্কিত কোনও পদে তারা থাকতে পারবেন না। পরবর্তী নোটিস না আসা পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে বলে জানিয়ে দিয়েছে ডিজিসিএ।
বিমানের ক্রু সদস্যদের সঠিকভাবে পরিচালনা করা হত না বলে দাবি ডিজিসিএ-র। পাইলট-সহ বাকিদের ডিউটি রস্টার অর্থাৎ কাজের সময়ও ঠিকমতো বেঁধে দেওয়া হত না। সঠিক বিশ্রামও পেতেন না তারা। বিমানের সুরক্ষার জন্য যা আশু প্রয়োজন। আহমেদাবাদের ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার পরই তৎপর ডিজিসিএ। বিমান দুর্ঘটনায় চলে গিয়েছে প্রায় ২৭৪টি প্রাণ। এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিকরা। আর এবার উড়ান সংস্থার বিরুদ্ধে কড়া অ্যাকশনে ডিজিসিএ।
এদিকে, আহমেদাবাদের বিমান দুর্ঘটনার নিহতদের শনাক্ত করার কাজ এখনও শেষ হয়নি। শনিবার গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী ও রাজ্য সরকারের মুখপাত্র রুষিকেশ প্যাটেল জানান, ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিহতদের শনাক্ত করার কাজ চালানো হচ্ছে জোরকদমে। এখনও পর্যন্ত ২২০টি মৃতদেহের ডিএনএ নমুনা মিলেছে। তাদের পরিজনদের খোঁজখবর দেওয়া হয়েছে। ২০২টি মৃতদেহ পরিবারের হাতে তুলেও দেওয়া হয়েছে। যাঁদের মধ্যে ১৬০ জন ভারতীয়, ৩৪ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ ও ১ জন কানাডার নাগরিক।
