সুদীপ্ত চট্টোপাধ্যায়
একে উপনির্বাচন, তার উপর তিনটি দলের প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা। তাই সোমবার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের গণনার কাজ দুটি হলের মধ্যেই সীমাবদ্ধ রাখছে নির্বাচন কমিশন। সাধারণ বিধানসভা নির্বাচনের তুলনায় কমছে গণনার টেবিলের সংখ্যাও। ফলে গণনা রাউন্ডের সংখ্যা বাড়লেও সবকিছু ঠিকঠাক চললে দুপুর একটার মধ্যে গণনা প্রক্রিয়ার কাজ সম্পূর্ণ করা সম্ভব হবে বলে মনে করছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ভোটগণনা নির্বিঘ্নে সম্পন্ন করতে উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। সোমবার কালীগঞ্জের পানিঘাটা হাইস্কুলের গণনাকেন্দ্রে সকাল ৮ টা থেকে গণনার কাজ শুরু হবে। প্রথমে পোস্টাল ব্যালট এবং তারপর ইভিএম-এর ভোটগণনা হবে। গণনার জন্য দুটি হল ঘরের ব্যবস্থা করা হয়েছে যেখানে আটটি করে মোট ১৬ টি টেবিল থাকবে এবং একটি টেবিল থাকবে পোস্টাল ব্যালট গণনার জন্য। এখনও পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে খবর, ২০ রাউন্ড গণনার মাধ্যমেই
দ্রুততার সঙ্গে কালীগঞ্জের ৩০৯ টি বুথের ফলাফল সম্পূর্ণ করা যাবে।
গণনা কেন্দ্রে মূলত থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। গণনা কেন্দ্রের বাইরে থাকবে সশস্ত্র পুলিশ থেকে শুরু করে মোবাইল ভ্যান, র্যাপিড অ্যাকশন ফোর্স, দ্বিতীয় স্তরে থাকবে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ও তৃতীয় স্তরে থাকবে কেবলমাত্র কেন্দ্রীয় বাহিনী। সংবাদ মাধ্যমের জন্য দ্বিতীয় স্তরে থাকবে বিশেষ ব্যবস্থা। গণনার শুরুতে গণনা কেন্দ্রে মোতায়েন থাকবেন ৪৯ জন গণনা সুপারভাইজার এবং ৪৯ জন গণনা অ্যাসিস্ট্যান্ট সহ ৫৩ জন মাইক্রো অবজারভার। গণনাকেন্দ্রে সাদা কাগজ আর পেন ছাড়া মোবাইল বা অন্য কোন সামগ্রী নিয়ে কেউ প্রবেশ করতে পারবেন না। গণনা কেন্দ্রের ভিতরে কেবলমাত্র পর্যবেক্ষক এবং মেটারনিক অফিসারদের মোবাইল ফোন চালু থাকবে। শুধুমাত্র বিশেষ ক্ষেত্রে তা ব্যবহার করা যাবে এমনটাই নির্দেশ নির্বাচন কমিশনের। কমিশন সুত্রে জানা গেছে, এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে গণনা কেন্দ্রের জন্য। স্ট্রংরুমের সামনের চত্বরসহ গোটা গণনাকেন্দ্র থাকছে সিসি ক্যামেরায় মোড়া। ২৪ ঘন্টা লাইভ স্ট্রিমিং এর আওতায় থাকবে গণনাকেন্দ্র। কমিশন জমিয়েছে, এই উপনির্বাচনে যেসব রাজনৈতিক দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করেছে যদি তারা চায় তাহলে ২৪ ঘন্টাই স্ট্রং রুমের ১০০ মিটারের মধ্যে তাবু খাটিয়ে থাকতে পারবে। তবে তার জন্য রিটার্নিং অফিসারের থেকে অনুমতি লাগবে।
